কমলাক্ষ ভট্টাচার্য: কেন্দ্রীয় প্রকল্পের জট কাটাতে প্রতি মাসে দিল্লি যেতে হবে সচিবদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পের কাজে গতি আনতে এবার সরাসরি দিল্লিতে গিয়ে সমস্যা সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্যের প্রত্যেক দফতরের সচিবকে মাসে অন্তত একবার দিল্লি যেতে হবে। দিল্লিতে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক ও আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক করে প্রকল্পের জটিলতা কাটানোর নির্দেশ।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ
শুধুমাত্র চিঠি চালাচালি নয়, কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে মুখোমুখি আলোচনা করেই সমস্যার দ্রুত নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে চার-পাঁচজন সচিব একসঙ্গে দিল্লি যেতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেই নবান্ন সূত্রে খবর। একাধিক সচিব একসঙ্গে দিল্লি গেলে রাজ্য সরকারের তরফে সরকারি বিমানের ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পের কাজে কোনওরকম গাফিলতি বা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে দ্রুত ফলাফল চাই। কোনও সমস্যা থাকলে দিল্লিতে গিয়ে সরাসরি সমাধান করুন, সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক
প্রসঙ্গত, আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিস্তারিত পর্যালোচনা বৈঠক করবেন তিনি। জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১২৫ দিনের কাজ, জল জীবন মিশন এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি। আলোচনায় উঠবে সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গও।
রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার-সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা। জেলার স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, কর্মসংস্থান এবং সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে। রায়গঞ্জে এইমসের দীর্ঘদিনের দাবির স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গেও আলোচনা উঠতে পারে বলে জল্পনা।
রায়গঞ্জে আসার প্রতিশ্রুতি
প্রশাসনিক বৈঠকের পর কর্ণজোড়ায় তিস্তা আবাসন সংলগ্ন ময়দানে জনসভা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা ও সহায়তা তুলে দেবেন। এর আগে বালুরঘাট সফরের পথে রায়গঞ্জে দাঁড়িয়ে ফের আসার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)