জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ের বেগে উইমেন্স প্রিমিয়র লিগের মিনি নিলাম হয়ে গেল! গত বুধবার কোচিতে নিলামের আগে ৫ দল মিলিয়ে মোট ২৭ স্লট খালি ছিল, যার মধ্যে ২৫টি ভর্তি হল—শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের একটি করে স্লট ফাঁকা রইল। মোট ২৫ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন নিলামে এবং দরাদরির মূল পর্ব এক ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হয়েছে! অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মলিনু নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। তাঁকে প্রায় ১২০০০০ ডলারে (১ কোটি ১০ লাখ টাকায়) দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। তাঁর আগের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ফেরানোর জন্য জোর চেষ্টা চালিয়েছিল। তবে আরসিবি পর্যন্ত ১ কোটি ৫ লাখ টাকা পর্যন্ত উঠেছিল। তারপর তারা হাল ছেড়ে দেওয়ায় ইউপিডব্লিউ সোফিকে দলে তুলে নেয়। মিডল-অর্ডার ব্যাটার কিরণ নভগিরে হয়েছেন সবচেয়ে দামী ভারতীয় খেলোয়াড়। ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নিয়েছে।
অবাক করেনি উত্তরপ্রদেশ
গতবারের চ্যাম্পিয়ন আরসিবি নিলামের প্রথম ১০ রাউন্ডে কোনও খেলোয়াড়কেই দলে নেয়নি, তারা শেষ পর্যন্ত অ্যাক্সিলারেটেড রাউন্ডে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেস জোনাসেনকে তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকায় কিনেছে। এছাড়াও তারা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্লোয়ি ট্রায়নকে ৩০ লক্ষ টাকায় দলে জুড়েছে। নিলামের আগে আরসিবি যে, গ্রেস হ্যারিসকে ছেড়ে দিয়েছিল, তাঁকে তাঁর পুরনো দল ইউপি ওয়ারিয়র্স ৩০ লক্ষ টাকায় দলে ফিরিয়িছে। উত্তরপ্রদেশ যে নিলামে ঝড় তুলবে তা আগেই জানা ছিল। বিষয়টি মোটেও আশ্চর্যজনক ছিল না। কারণ তারা ৯ জন খেলোয়াড়কে ছেড়ে আটটি স্লট খালি করেছিল। এবং হাতে ৩.৭৫ কোটি টাকা বাজেট ছিল। ফলে সবচেয়ে বেশি খেলোয়াড় তারাই কিনেছে এবং তাদের আটটি স্লটই পূরণ করেছে।
জি কমলিনীর দাম কমল
ভারতের উইকেটরক্ষক-ব্যাটার জি কমলিনী, যিনি ১.৬০ কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে ২০২৫ ও ২০২৬ সালে খেলেছিলেন—তিনি এবার ৪০ লক্ষ টাকার বেস প্রাইসে গুজরাট জায়ান্টসে যোগ দিয়েছেন। গুজরাট আয়ারল্যান্ডের অলরাউন্ডার অরলা প্রেন্ডারগাস্টকেও (যিনি প্রথমবারের মতো ডব্লিউপিএল-এ খেলবেন) ৩০ লক্ষ টাকায় এবং ১৬ বছর বয়সী, এখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা অলরাউন্ডার সামাইরা রাঘবকে ১০ লক্ষ টাকায় দলে নেয়। কর্ণাটকের ১৫ বছর বয়সী অলরাউন্ডার উমা কাশভি ডব্লিউপিএল নিলামে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। তাঁকে ১০ লক্ষ টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু (বেস প্রাইস ৩০ লক্ষ টাকা) এবং ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাঙ্কলি (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা) আনসোল্ড থেকে গিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)