জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাশে নেই কেউ! 'পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না'। ভাইফোঁটায় পিছু হঠলেন মমতা বন্দ্য়োপাধ্যায়? বিধায়ক কুণাল ঘোষের দাবি, 'মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না'।
ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, 'মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়া পালন করেননি। এবার ভাইফোঁটাও পালন করবেন না। ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের উপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার চলছে; তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি নেত্রী। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না। তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটার কোনো অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন। কিন্তু দিদি এবার ফোঁটার অনুষ্ঠান করবেন না। এনিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই'।
মমতার কালীবাড়িতে ঘরোয়া অনুষ্ঠান বলতে দুটো। কালীপুজো আর ভাইফোঁটা। গত বছর কালীপুজোর দিনে ৩০ বি, হরিশ চ্যাটার্জির স্ট্রিটের বাড়িটা রীতিমতো গমগম করছিল। বাড়ির মালিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় হেভিওয়েট নেতা-মন্ত্রী, টলিউড তারকাদের ভিড়। ক্ষমতা হারানোর পর এবারও যথারীতি বাড়িতে কালীপুজো করেছেন মমতা। শুধু সেই চেনা মুখগুলি দেখা যায়নি। বস্তুত, তাদের বেশিরভাগই এখন আর নেত্রীর সঙ্গে নেই। কালীপুজোর মতোই কি মমতার বাড়ির চেয়ারগুলি ফাঁকাই থাকবে? তা জল্পনা চলছিলই।
মমতা হয়তো থাকবেন না, তবে ভাইফোঁটার অনুষ্ঠান কিন্তু হবে। সূত্রে খবর, বাছাই করা কয়েকজন নেতাকে নিয়ে নয়। আগামীকাল বুধবার নতুন তৃণমূলের ব্লকের সব নেতাদেরই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ভাইফোঁটার অনুষ্ঠান হবে তৃণমূল ভবনে। থাকছে মিষ্টি মুখের আয়োজনও। ছোট বড় বলে কিছু নয়, সকলকেই সমান গুরুত্ব দিতে এই আয়োজন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)