তথাগত চক্রবর্তী: গড়িয়ার ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে খুনের ঘটনার তদন্তে এবার পুনর্নির্মাণ করল পুলিস। মঙ্গলবার সকালে ধৃত তরুণী সঞ্চালিকা বসু এবং তার মা মৌমিতা বসুকে নিয়ে ফর্তাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরেন্সিক দলের সদস্যরাও। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।
খুনের রাতে ঠিক কী ঘটেছিল? কীভাবে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল ২৫ বছরের যুবক সার্থক সরকারের? ঘটনার সময় ধৃত তরুণীর মায়ের ভূমিকা কী ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদের একটি ভাড়া ফ্ল্যাটে লিভ-ইন পার্টনার সার্থক সরকারকে খুনের অভিযোগ ওঠে সঞ্চালিকা বসুর বিরুদ্ধে।অভিযোগ, শনিবার রাতে কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করে পুলিস।
সার্থক এবং সঞ্চালিকার প্রেম কীভাবে?
মৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। সার্থক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সল্টলেক সেক্টর ফাইভের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে, সঞ্চালিকা ওই চত্বরেই এক কলেজে পড়াশোনা করত। জানা গিয়েছে, প্রায় একই জায়গায় দু'জনের যাতায়াত ছিল। সেখান থেকে দুজনের পরিচয়। যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। দুজনে ফর্তাবাদের ফ্ল্যাটে লিভ ইন করা শুরু করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দু'জনের মধ্যে সম্পর্ক ছিল।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং খুনের ঘটনায় মায়ের ভূমিকা কতটা, তা এখনও তদন্তসাপেক্ষ। মঙ্গলবার ধৃত দু'জনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের পাশাপাশি ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা এবং ধৃতদের বয়ান মিলিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা। এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, খুনের নেপথ্যে কি শুধুই সম্পর্কের টানাপোড়েন, নাকি রয়েছে অন্য কোনও কারণ? ফরেন্সিক রিপোর্ট এবং ঘটনার পুনর্নির্মাণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)