বিক্রম দাস ও অর্ণবাংশু নিয়োগী: কালীঘাট কাণ্ডে বড় আপডেট। হাইকোর্টে জামিন-ধাক্কা ৩ অভিযুক্তের। মামলা পাঠিয়ে দেওয়া হল হাইকোর্টে রেগুলার বেঞ্চে। পরবর্তী শুনানি ১২ নভেম্বর। সেদিন আদালতে কেস ডায়েরি জমা দেবে পুলিস।
কালীঘাট কাণ্ডে অপরাধের পুনর্নিমাণ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্থডে সেলিব্রেশনকে কেন্দ্র করে কালীঘাট ধুন্ধুমার। আজ, মঙ্গলবার ৩ অভিযুক্তকে নিয়ে ১২১ কালীঘাট রোডে সেই ঘটনার পর পুর্ণর্নিমাণ করল পুলিস। শুধু তাই নয়, ঘটনার তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ।
৩ অভিযুক্তের জামিন-ধাক্কা
এদিকে কালীঘাটে অপরাধের পুর্ননির্মাণের পর জামিনে আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৩ অভিযুক্ত। মামলা দায়ের করার অনুমতিও দেন হাইকোর্টে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। কিন্তু শেষপর্যন্ত জামিন মিলল না। এদিন শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বলেন, '৭ নভেম্বর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩ জনকেই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটা ধারা ৭ বছরের কম।আমরা এই মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করার আগেই, ঘটনার রিকন্সট্রাকশন করা হয়েছে'।
রাজ্যের তরফে আইনজীবীর পালটা সওয়াল, 'নিম্ন আদালতে ৮ দিনের কাস্টডি দেওয়া হয়েছে। আমাদের তদন্তের প্রয়োজন রয়েছে। FIR এর আগে, গ্রেফতার করার ধারা BNS-এ আছে'। হাইকোর্টের রেগুলার বেঞ্চে এবার মামলাটির শুনানি হবে।
কুণালের অভিযোগ
মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, প্রতিহিংসা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্তকে পরিচালনা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে হামলা হল। যাঁরা হামলা করল, যে ছেলে পুলিসকে মেরে গেল, ছবিতে দেখা যাচ্ছে, তাদের ধরার নাম নেই। যাঁরা আক্রান্ত হয়েছে, তাদের ধরে এনে বীরত্ব দেখাচ্ছে পুলিস। এটা পুরোদস্তুর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীদের উপর আক্রমণ। যেটা বিজেপি করেছে'।
ফেসবুকে পোস্টে অভিষেক লিখেছেন, '৭২ ঘণ্টারও বেশি কেটে গিয়েছে! পুলিশকে চড় মারা বিজেপির গুন্ডা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। অথচ বিজেপির হামলার শিকার তৃণমূল কর্মীদেরই গ্রেফতার করা হয়েছে! এটাই বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা আর বিচারের নামে প্রহসনের আসল চেহারা'!
ঘটনাটি ঠিক কী?
গত শনিবার ৭ নভেম্বর ছিল ডায়মন্ড হারবারের সাংসদের জন্মদিন। সেদিন মধ্য়রাতে জন্মদিন উদযাপন করতে কালীঘাটে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন মমতা তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ রাত ২টোর অভিষেকের বাড়ির সামনে জমায়েত করেন বিজেপি কর্মীরাও। অভিষেকের কাট আউট- -ছবি-ব্যানার ভেঙে ছিঁড়ে ফেলা হয়। বাধা দিতে গেলে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
পুলিসকে চড়!
ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুলিসকর্মীদের চড় মারছেন অভিযুক্তরা। পুলিসকে চড় মারার অভিযোগে ইতিমধ্যেই একবালপুর থেকে গ্রেফতার ২। FIR খোদ অভিষেকের বিরুদ্ধেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)