কিরণ মান্না: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশের নোটিশ। ১৩ বছরের পুরনো মামলায় নোটিশ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশের নোটিশ নিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, এই বিষয়ে তাঁর জানা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাফিডাফিটে (হলফনামায়) অনেক তথ্য গোপন করেছিলেন! অনেক প্রার্থী স্ক্রুটিনিতে এই বিষয়ে অভিযোগ করেছিলেন। রিটার্নিং অফিসার ও তা খারিজ করেননি। তাঁর বিরুদ্ধে মামলা হবে। নমিনেশনও বাতিল হতে পারে!
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিস। কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সোমবার পৌঁছয় দিল্লির পার্লামেন্ট থানার পুলিস আধিকারিক। নোটিসে উল্লেখ করা হয়েছে, বাড়ি, অফিস বা অন্য যে কোনও জায়গায়, যদি সময় ও স্থান জানান, মমতাকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লি পুলিস। নোটিশে বলা হয়েছে, ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি FIR দায়ের করা হয়। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, বলপ্রয়োগ, স্বেচ্ছায় আঘাত, বেআইনি জমায়েত ও দাঙ্গার অভিযোগে মামলা দায়ের করে পুলিস। সেই মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চান দিল্লি পুলিসের তদন্তকারী অফিসাররা।
৯ এপ্রিল ২০১৩, তৎকালীন যোজনা কমিশনের বার্ষিক বৈঠকে যোগ দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের তত্কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিকে সেইসময় কলকাতায় পুলিসের হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় সিপিআইএম এবং এসএফআই নেতারা। সেই ঘটনায় SFI-র তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। তবে পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে ধৃতেরা সকলেই জামিন পেয়ে যান।
এখন মমতা-তৃণমূলের নেতা সাংসদ সৌগত রায়ের মতে, "২০১৩ সালে কী মামলা হয়েছিল আমার জানা নেই। কেন দিল্লি পুলিস এসেছে বুঝতে পারছি না।" ওদিকে বিজেপি মুখপাত্র দেবজিত্ সরকারের সাফ কথা, "২০১৩ হোক বা ২০০৩, মামলা যদি চলতে থাকে, এবং সেখানে যদি মনে হয়, কাউকে ডাকা প্রয়োজন আছে বা তিনি অভিযুক্ত আছেন, আমাদের দেশের আইন বলে তাকে ডাকা যেতে পারে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)