SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কলকাতার পুরভোট কবে? ওয়ার্ড পুনর্বিন্যাস বিতর্কে এবার আরও পিছিয়ে যাবে ভোট? সুপ্রিম কোর্টের বিরাট আপডেট

Kolkata Municipal Election Big Update: কলকাতা পুরসভার (KMC) ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে ২০৯ করা নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্যের। মাত্র ৭ দিনে আপত্তি জানানো ও প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। পুরভোট কি পিছিয়ে যাচ্ছে?

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 23, 2026, 13:35 IST | Updated: Nov 23, 2026, 13:53 IST
Image Credit: কলকাতার পুরভোট কবে?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipal Corporation Election) ঠিক কবে হবে? তা নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সোমবার দেশের শীর্ষ আদালতে (Supreme Court) তার গুরুত্বপূর্ণ শুনানি হল।

আরও পড়ুন: আরজি কর মামলার বড় খবর: আদালতে জমা পড়ছে তদন্তের ফাইনাল রিপোর্ট, কে আততায়ী? সামনে এল কোন মুখ? খুলছে রহস্যের জট?

প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানিতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল রাজ্য সরকারকে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, রাজ্যের পদক্ষেপে মোটেও সন্তুষ্ট নন বিচারপতিরা। আগামী পরশু অর্থাৎ বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।  

আসল বিতর্কটা ঠিক কোথায়?

ঘটনার সূত্রপাত কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন (Ward Delimitation) নিয়ে। রাজ্য সরকারের তরফে কলকাতা পুরনিগমের (KMC) ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার বিজ্ঞপ্তি জারি করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। গত ৬ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না।

হাইকোর্টের এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।  

সুপ্রিম কোর্টের শুনানিতে কী কী প্রশ্ন উঠল?

সোমবার শুনানির শুরুতেই রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) সওয়াল করেন, কলকাতায় শেষবার ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছিল ১৯৮৪ সালে। দীর্ঘ ৪২ বছর পর ২০২৬ সালে এসে জনসংখ্যা ও শহরের বিস্তারের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর দাবি, সমস্ত নিয়ম মেনেই রাজ্য সরকার এই কাজ করেছে এবং এতে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

কিন্তু সলিসিটর জেনারেলের এই যুক্তিতে চিঁড়ে ভেজেনি। বিচারপতি জয়মাল্য বাগচী সরাসরি প্রশ্ন তোলেন, 'এত বছর পর ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে, অথচ সাধারণ মানুষের আপত্তি জানানোর জন্য মাত্র ৭ দিন সময় দেওয়া হল কেন? এত অল্প সময়ের মধ্যে শহরবাসীর কাছ থেকে কী ভাবে সব উত্তর আশা করলেন?'

জবাবে তুষার মেহতা জানান, প্রথমে ৭ দিন সময় দেওয়া হলেও পরে তা আরও দু-সপ্তাহ বাড়ানো হয়েছিল এবং মোট ২৮৫টি আপত্তি জমা পড়েছিল।

প্রশাসকের এক্তিয়ার নিয়ে শীর্ষ আদালতের ভর্ৎসনা

শুনানিতে উঠে আসে আরও একটি বড় আইনি প্রশ্ন। পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় কর্পোরেশন ভেঙে দেওয়া (Dissolved) হয়েছিল এবং সেখানে প্রশাসক (Administrator) নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলে, 'কর্পোরেশন তো ভেঙে দেওয়া হয়েছে। তারপর রাজ্য নিজেই ওয়ার্ড পুনর্বিন্যাস করছে, অথচ আবার সেই ভেঙে যাওয়া কর্পোরেশনের কাছেই চিঠি দিয়ে মতামত জানতে চাইছে! একজন প্রশাসক কি এভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন?'

আরও পড়ুন: বিতর্কের মুখে বাংলায় বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: বন্ধই হয়ে গেল, ভোটার তালিকার বিগ আপডেট

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি নিয়ে মূল আপত্তি না থাকলেও সীমানা নির্ধারণ বা ডিমার্কেশন (Demarcation) প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।  

ভোট কি তবে পিছিয়ে যাচ্ছে?

হাইকোর্টের রায়ের ওপর এখনই কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বরং রাজ্য সরকারের বক্তব্য যে সন্তোষজনক নয়, তা স্পষ্ট করে দিয়েছে বেঞ্চ। ফলে আগামী পরশুর শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, তার ওপরই নির্ভর করছে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ। আইনি জট না কাটলে যে নির্ধারিত সময়ে ভোট হওয়া কঠিন, তা বলাই বাহুল্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES