জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঙালি বিস্মৃতিপ্রবণ জাতি! না হলে সে হয়তো তার দৈনন্দিনেই স্মরণ করত রাধানাথ শিকদার, আশুতোষ মুখোপাধ্যায় এবং বিভূতিভূষণ দত্তকে। প্রথম দু'জনকে তবু ভিন্ন বিষয়ের মাধ্যমে চেনে বাঙালি, কিন্তু বিভূতিভূষণকে? অথচ, এই তিনজনের প্রথম পরিচয়-- এঁরা প্রত্যেকেই অতি উচ্চমানের গণিতবিদ। ভারতীয় গণিতের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থটি (History of Hindu Mathematics: A Source Book)-র সঙ্গে জড়িয়ে আছে বিভূতিভূষণের নাম। যাই হোক, কিন্তু এই ধান ভানতে এই শিবের গীত এই কারণে যে, বেথুনে পড়া কলকাতার এক মেয়ে আজ অঙ্কের সূত্রে সহসাই বিশ্বমঞ্চে! কে তিনি? নীনা গুপ্তা। ৭০ বছরের পুরনো এক গাণিতিক সমস্যার সমাধান করে টাইমের '১০০ নেক্সট ইন্ডিয়া'-র তালিকায় অবলীলায় জায়গা করে নিয়েছেন তিনি।
কে এই নীনা?
১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনা গুপ্তার। ছোটবেলা থেকেই গণিতের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরির পিছনে বড় ভূমিকা ছিল তাঁর মায়ের। ছোট থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয় নীনার। পরে গণিতকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তও নেন। এক সিনিয়রের পরামর্শে বেথুন কলেজ থেকে গণিতে অনার্স। ২০০৬ সালে স্নাতক হওয়ার পরে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে (ISI) স্নাতকোত্তর পড়াশোনার শুরু। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে অ্যালজেব্রিক জিওমেট্রি নিয়ে গবেষণা শুরু করেন। ২০১১ সালে গণিতে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম -এর একটি সংস্করণের সমাধান।
জারিস্কির ধাঁধা এবং নীনার ইতিহাস
মার্কিন গণিতজ্ঞ অস্কার জারিস্কি। তাঁর তৈরি জটিল এক অঙ্কই ঘটনাচক্রে নীনার সাফল্যের কেন্দ্রে। কী সেই অঙ্ক? আসলে একটি তত্ত্ব। যদি দুটি গাণিতিক বস্তুকে অন্য মাত্রা বা ডায়মেনশনে স্থানান্তরিত করলে তাদের একইরকম গঠন হয়, তাহলে কি এটা প্রমাণিত হয় যে, বস্তু দুটি শুরুতেও হুবহু একই ছিল? এর উত্তর জানতে মাথার চুল ছিঁড়েছেন গণিতবিদেরা। অবশেষে অধ্যাপক নীনা গুপ্তা ত্রিমাত্রিক পদ্ধতি ব্যবহার করে দেখিয়ে দিলেন, জারিস্কি-ধাঁধার উত্তরটা হবে 'না'। অর্থাৎ, বস্তু দুটি কখনওই এক নয়। এটা প্রমাণের জন্য তিনি গণিতবিদ তাকানোরি আসানুমার তৈরি এক উদাহরণের সাহায্য নেন। আর তাতেই কেটে যায় ৭০ বছরের পুরনো ধাঁধার কুয়াশা। অ্যালজেব্রিক জিওমেট্রির গবেষণায় তাঁর এই আবিষ্কার গণিত জগতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। আর এতদিন পরে এত ধৈর্য ধরে এই অসাধ্য সাধনের জন্য অধ্যাপক নীনা গুপ্তাকে কুর্নিশ জানিয়েছে বিশ্বের গণিত মহল। টাইম '১০০ নেক্সট ইন্ডিয়া' লিস্টে জ্বলজ্বল করছে তাঁর নাম!
'শুভঙ্করী' থেকে নীনা
বাঙালির বা বাংলার গণিতের ইতিহাসে 'শুভঙ্করী' বা 'শুভঙ্করী আর্য' অতি পরিচিত এক বিষয়। সহজ ছন্দ ও সূত্রের মাধ্যমে দৈনন্দিন হিসাব ও পাটিগণিতের জটিল নিয়ম মনে রাখার এই ধারা বাংলার সাধারণ মানুষের মধ্যে গণিতকে আবহমান কাল ধরে জনপ্রিয় করেছে। ধূসর সময়ের সেই শুভঙ্করী থেকে আমরা নীনা গুপ্তার যুগে এসে দাঁড়িয়েছি। রক্ষিত হয়েছে একটা ঐতিহ্য। নীনার গবেষণা আধুনিক বীজগণিতীয় জ্যামিতিতে নতুন দিশা দেখিয়েছে ঠিকই, তবে তা তো আদতে অঙ্কেরই ভুবন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)