অর্ণবাংশু নিয়োগী: আরজি কর কাণ্ডে ফাইনাল রিপোর্টের পথে সিবিআই। খড়দহ মামলার জট খুললেই কি কাটবে রহস্যের মেঘ?
দু’বছরেরও বেশি সময় পেরিয়ে অবশেষে কি যবনিকা পড়তে চলেছে আরজি কর (RG Kar Case) ধর্ষণ ও খুন মামলার তদন্তে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই (CBI) সূত্রে খবর, মূল মামলার চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট (Final Report) জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে তার আগে খড়দহ থানায় (Khardah Police Station) দায়ের হওয়া তথ্যপ্রমাণ লোপাট (Tampering of Evidence) এবং তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগের তদন্ত গুটিয়ে আনতে চাইছেন গোয়েন্দারা। দুটি মামলার তদন্ত শেষ করে একসঙ্গেই চূড়ান্ত রিপোর্ট পেশ করতে চায় সিবিআই।
আদালতে ১৪তম স্টেটাস রিপোর্ট
শুক্রবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে (Sealdah ACJM Court) তদন্তের অগ্রগতির ১৪তম স্টেটাস রিপোর্ট (Status Report) জমা দেয় সিবিআই। তিন পাতার ওই রিপোর্টে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে প্রচুর সিসিটিভি ফুটেজ (CCTV Footage), গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস (Electronic Devices) বাজেয়াপ্ত করা হয়েছে। নির্যাতিতার বাবা-মায়ের বয়ানের ভিত্তিতে ঘটনার দিন হাসপাতালে এবং পরে শ্মশানে উপস্থিত থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে তথ্যপ্রমাণ লোপাট সংক্রান্ত সিবিআইয়ের রিপোর্টে এ দিন আদৌ সন্তুষ্ট হতে পারেনি আদালত। বিচারকের স্পষ্ট পর্যবেক্ষণ, এই বিষয়ে আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট তদন্ত প্রয়োজন। একইসঙ্গে আদালতের কড়া নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে ঘিরে যত অভিযোগ প্রকাশ্যে এসেছে, তার সবক’টিকেই নিজেদের তদন্তের এক্তিয়ারে (Jurisdiction) এনে খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।
খড়দহ মামলা ও প্রভাবশালীদের যোগসূত্র
মূল ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি নির্যাতিতার দেহ তড়িঘড়ি পুড়িয়ে প্রমাণ লোপাটের অভিযোগে খড়দহ থানায় পৃথক মামলা রুজু হয়েছিল। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সেই মামলার তদন্তভারও এখন সিবিআইয়ের হাতে। এই ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পুরপ্রতিনিধি সঞ্জীব মুখোপাধ্যায় এবং প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে গ্রেফতার করেছিল পুলিস। এমন কী, সোমনাথ দে-র বিরুদ্ধে থাকা অস্ত্র আইনের (Arms Act) মামলাটিও এবার মূল সিবিআই তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে নির্মল ও সঞ্জীব জামিনে মুক্ত থাকলেও, তাঁদের জামিন খারিজের (Bail Cancellation) আবেদন জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়।
নিরাপত্তা নিয়ে হাইকোর্টের কড়া নজর
তদন্তের পাশাপাশি আরজি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা (Hospital Security) নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিস ব্যর্থ হলে, সেখানে ফের কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েনের নির্দেশ দিতে পারে আদালত। এই মর্মে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য পুলিসই নিরাপত্তা সামলাবে নাকি কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন, তা পরবর্তী শুনানিতে স্পষ্ট করতে হবে রাজ্য সরকারকে।
সামনেই গুরুত্বপূর্ণ তিনটি তারিখ
সব মিলিয়ে আরজি কর মামলার আইনি লড়াই এখন চূড়ান্ত পর্বে। আগামী ২৭ নভেম্বর নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জামিন খারিজের আবেদনের শুনানি। এরপর ১১ ডিসেম্বর মামলার পরবর্তী সাধারণ শুনানি এবং আগামী ৪ জানুয়ারি সিবিআইকে পরবর্তী বিস্তারিত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এখন দেখার, চূড়ান্ত রিপোর্টে আর কোন কোন রাঘববোয়ালের নাম উঠে আসে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)