বাসুদেব চট্টোপাধ্য়ায়: পড়া না পারায় শিশুকে বেধড়ক মার? চোখের নীচে কালশিটে। শরীরজুড়ে আঘাতের দাগ। চাঞ্চল্য রূপনারায়ণপুরে পড়া না পারার কারণে টিউশনে এক শিশু ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, মারধরের জেরে শিশুটির চোখের নীচে মারের দাগ পড়েছে। পা-সহ শরীরের একাধিক জায়গাতেও রয়েছে আঘাতের চিহ্ন। শিশুটির শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন পরিবারের সদস্যেরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণপুরের রাঙ্গামাটি এলাকার বাসিন্দা মনোজ দাস ও পরিণীতি দাসের মেয়ে প্রিয়াংসী অভিযুক্ত শিক্ষিকা গার্গী ঘোষের কাছে টিউশন পড়তে যেত। গার্গী ঘোষ রূপনারায়ণপুর দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্সের বাসিন্দা। পরিবারের অভিযোগ, পড়া না পারার কারণে ওই শিশুকে মারধর করেন শিক্ষিকা। তার পরেই শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। চোখের নীচে ও পায়ে কালশিটে দাগ দেখে কার্যত স্তম্ভিত পরিবারের সদস্যেরা।
শিশুকে পড়াশোনার ক্ষেত্রে শাসন করা আর শারীরিক নির্যাতন করা যে এক বিষয় নয়, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে এই ঘটনায়। সামান্য পড়া না পারার কারণে কোনও শিশুকে এ ভাবে মারধর করা যায় কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রাও। শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও সহানুভূতির পরিবর্তে শারীরিক শাস্তির অভিযোগ উঠলে তা নিঃসন্দেহে উদ্বেগজনক।
ইতিমধ্যেই শিশুটির পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শিক্ষিকা গার্গী ঘোষ। ফলে ঠিক কী ঘটেছিল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)