অয়ন ঘোষাল: ঘূর্ণিঝড় 'অর্ণব' এর অবশিষ্টাংশ উত্তরপ্রদেশ বিহার এবং ছত্রিশগড় সীমান্তবর্তী এলাকায় একটি সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত। এটি ক্রমশঃ দুর্বল হচ্ছে। অর্ণবের জের কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ নিজের শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই উপগ্রহ চিত্র অনুযায়ী এটি গভীর বা অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান।
এটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। হবহু অর্ণবের রুট ধরে এটি স্থলভাগের দিকে এগোতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে শেষ পর্যন্ত এটি তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করতে চলেছে বলে অনুমান।
দক্ষিণবঙ্গে ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর উপকূল এবং পশ্চিমাঞ্চলে দুই এক জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকায় খটখটে শুষ্ক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আগামী সপ্তাহে উপুকুল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির স্পেল শুরু হতে পারে দুই মেদিনীপুর দুই ২৪ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।
উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
কলকাতায় শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে আগামী সপ্তাহে মঙ্গল অথবা বুধবার সামান্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে নতুন নিম্নচাপের জলীয় বাষ্পের প্রভাবে হেমন্তের শিরশিরানি ভাব আপাতত অধরা কলকাতায়।
কালীপুজো এবং দীপাবলির আবহাওয়া
৭ নভেম্বর পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের দাপাদাপি থাকলেও ৮ নভেম্বর থেকে রাতারাতি শুষ্ক আবহাওয়া পেতে শুরু করবে দক্ষিণবঙ্গ। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে বাড়বে শুষ্ক উত্তুরে হাওয়ার বাড়বাড়ন্ত। কালী পূজা ও দীপাবলির দিন ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া শীতল থাকবে এবং কলকাতা ও তার শহরতলিতে রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ওই দুদিনের জন্য ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)