জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি আর রেকর্ড সমার্থক। রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে ইতিহাস লেখা রুটিনের মতো ভারতীয় ব্যাটিং আইকনের কাছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে কোহলি মাত্র ৭ রানে আউট হয়েছেন। আরসিবি সতীর্থ জেকব ডাফির গুড লেংথে বল কভার-পয়েন্টে সরাসরি তুলে ফিরে যেতে হয়েছিল কিংকে। কিন্তু তার আগেই শনিবার ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে কোহলি বিরাট রেকর্ড করে ফেলেছিলেন! অস্ট্রেলিয়ান গ্রেট ও প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন বিরাট! নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে এখন ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনিই। এদিন ম্যাচ শুরুর আগে কোহলি ও পন্টিংয়ের ঝুলিতে ছিল ১৯৭১ রান। এদিন দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই অজি কিংবদন্তিকে পিছনে ফেলে দেন বিরাট। পন্টিং তাঁর ১৭ বছরের বর্ণময় কেরিয়ারে ৫১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কিউয়িদের বিরুদ্ধে। ৫১ ম্যাচের ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে মোট ১৯৭১ রান করেছিলেন। যার মধ্যে ছিল ৬টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি আছে। অন্যদিকে কোহলির এই রেকর্ড ভাঙতে মাত্র ৩৮ ইনিংস লাগল। ভারত-নিউ জিল্য়ান্ড চলতি পাঁচ ম্য়াচের ওডিআই সিরিজে আরও তিন ম্যাচ বাকি আছে। কোহলির সামনে এখন সুবর্ণ সুযোগ রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০০ বা তার বেশি রান করার!
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রানশিকারি যাঁরা
১৯৭৮ - বিরাট কোহলি
১৯৭১ - রিকি পন্টিং
১৭৫০ - সচিন তেন্ডুলকর
১৫৬৮ - কুমার সঙ্গাকারা
১৫১৯ - সনথ জয়সুরিয়া
১৪৪৯ - জ্যাক ক্যালিস
সিরিজের প্রথম ম্যাচেই কিন্তু এক অনন্য নজির গড়েছিলেন কোহলি। ওডিআই ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)