জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। গত বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ৫ উইকেটে জিতে শুরু করেছিল। জয়ের ধারা বজায় রাখলেন শুভমন গিলরা। শনিবার সিরিজের দ্বিতীয় ওডিআই ভারত জিতল ৪ রানে। আর প্রথম ম্য়াচের মতো এবারও ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে বৃষ্টি হয়ে গেল ফ্যাক্টর! তবে এদিন মুষলধারে বৃষ্টির জন্য় একটা সময়ের পর আর খেলাই চালানো সম্ভব হল না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফয়সলা হল সেই ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি। টস জিতে শুভমন ব্যাট করতে পাঠিয়েছিলেন মিচেল স্যান্টনারদের। গত ম্য়াচেরই যেন ব্য়াটিং হাইলাটস দেখালেন তাঁরা! মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় কিউয়িরা! গুরনূর ব্রার আবারও ভয়ংকর হয়ে উঠেছিলেন। ৩০ রান দিয়ে একাই তুলে নেন ৪ উইকেট। ২ উইকেট করে পেয়েছেন আকিব নবি, অংশুল কম্বোজ ও অক্ষর প্যাটেল।
মোটে ১৩৫ রানের টার্গেট!
ভারত হেসে খেলে জিতে যাবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু কোথায় কী! ৩৯ রানে ভারতের টপ অর্ডার ফিরে গিয়েছিল মাত্র ৯ ওভারের মধ্যেই। রোহিত শর্মা ও শুভমন গিলের ওপেনিং জুটিতে উঠেছিল মাত্র ৪ রান! কোনও রান না করেই ফেরেন অধিনায়ক গিল। এরপর রোহিতের হাত শক্ত করতে আসা বিরাট কোহলিও ( ৭ বলে ৭) ফিরে যান। পাঁচে নামা অক্ষর প্যাটেলও ফিরেছেন ৭ রান করে। বিরাট-রোহিত-গিলের ফ্লপ হওয়ার দিনে কিছুটা রানের মুখ দেখেছেন শ্রেয়স আইয়ার (৪৬ বলে ৩০)। লড়াকু ইনিংস খেলেছেন কেএল রাহুল। ৩৮ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
বাঁচিয়ে দিল অবিরাম বৃষ্টি!
এদিন ২৩ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১০৩। জয় কিন্তু তখনও ৩২ রান দূরে। লো স্কোরিং ম্যাচের চেনা থ্রিলার। নমন ধীর ১২ রান করে ফিরে যান। এরপর মাত্র ১ রান করেই আউট হন কম্বোজ। ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১১৩। হিসেব মতো জেতার জন্য ১২৬ বলে প্রয়োজন ছিল মাত্র ২২ রান। কিন্তু হাতে তো মাত্র ৩ উইকেট। ফের বৃষ্টি নামে ওয়েলিংটনে। বন্ধ হয়ে গেল খেলা। সেই যে বন্ধ আর শুরুই হল না। যেন বৃষ্টিই সহায়! ঘটনাচক্রে বৃষ্টি নামার আগে ডিএলএস নিয়মে এগিয়ে ছিলই ভারত। ২৬ ওভার শেষে জেতার জন্য প্রয়োজনীয় রান ছিল ১০৯। সেখানে ভারতের রান হয়ে গিয়েছিল ১১৩। অর্থাৎ চার রানে এগিয়ে ছিলেন শুভমনরা! আর এভাবেই ভারত জিতে যায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)