জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলের দক্ষিণ-পূর্বের এক অভ্যন্তরীণ রাজ্য মিনাস জেরাইস! সেখানে অনূর্ধ্ব-২০ পর্যায়ের এক ফুটবল ম্যাচ দেখেল বেনজির চরম বিশৃঙ্খলা। বিরাট হাতাহাতির ঘটনায় রেফারি প্যাট্রিক ড্রসঘিক মোডেস্টো মোট ৫৩টি লাল কার্ড দেখালেন। যা বিশ্বরেকর্ড! গত রবিবার উবারলান্দিয়া ও মামোরের মধ্যের রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এই বিরল ঘটনা ঘটেছে। কয়েক মিনিটেই মোট ৪০ জন ফুটবলার ও ৮জন স্টাফকে লাল কার্ড দিয়ে তিনি মাঠ থেকে বের করে দিয়েছেন। এছাড়াও উবারলান্দিয়ার দুই বোর্ড মেম্বারকেও লাল কার্ড দেখিয়েছেন তিনি! ফলে তাঁর দেখানো মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩-তে। এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর বর্তমান গিনেস বিশ্ব রেকর্ড ছিল ৩৬! যা ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের এক ম্যাচে আতলেতিকো ক্লেপোল ও ভিক্তোরিয়ানো আরেনাসের মধ্যকার লড়াইয়ে ঘটেছিল।
রেফারির রিপোর্ট অনুযায়ী, রবিবারের এই হাতাহাতির সূত্রপাত হয় তৃতীয় গোল উদযাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি প্রতিপক্ষ দলের বেঞ্চের দিকে কটূক্তি করায়। এর প্রতিক্রিয়ায় উবারলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সের্জিও দিয়াস দস সান্তোস মাঠে ঢুকে পড়েন এবং দাভির মুখোমুখি হন। রেফারির অভিযোগ, কয়েকজন ব্যক্তি তাঁকে হত্যার হুমকি ও অন্যান্য ধরনের সহিংসতার হুমকি দিয়েছেন। রেফারির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সব হুমকির ঘটনায় পরবর্তীতে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ম্যাচ ৪০ মিনিট বন্ধ থাকার পর শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা শেষে আরও অভিযোগ ওঠে যে, উবারলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত করেছেন এবং মামোর দলের সদস্যরা স্টেডিয়ামের হোম ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)