প্রবীর চক্রবর্তী: NCPI-তে কি সব ঠিক আছে? উঠছে প্রশ্ন। কেন? জি ২৪ ঘণ্টায় EXCLUSIVE রিপোর্ট। সূত্রের খবর, এর মধ্য়েই নাকি ৩ NCPI সাংসদ স্পিকারকে জবাব পাঠিয়েছেন। তাঁদের জবাব লিখিত আকারে স্পিকারকে জানিয়ে দিয়েছেন। যে বিষয়ে বাকি ১৭ জন NCPI সাংসদরা নাকি কিছুই জানেন না। বিশেষ করে, NCPI নেতৃত্বরা জানেন-ই না যে ৩ জন সাংসদ স্পিকারকে জবাব পাঠিয়ে দিয়েছেন। আর তাতেই বাড়ছে জল্পনা। তবে কি এনসিপিআই-তে মতবিরোধ?
এনসিপিআই-তে মতবিরোধ?
প্রসঙ্গত, স্পিকারকে জবাব দেওয়ার জন্য পঞ্চম দফায় সময় চান এনসিপিআই সাংসদরা। এই জবাব দেওয়ার শেষ সময় ৩ নভেম্বর। স্পিকারের দফতরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দলত্যাগ বিরোধী আইনে জবাব দেওয়ার জন্য এটাই শেষ সময়। এরপর আর সময় বাড়ানো হবে না। ফলে ৩ নভেম্বর, তখনই এনসিপিআই-এর ২০ সাংসদের একসাথে লিখিত আকারে জবাব জানানোর কথা। কিন্তু এখন দিল্লি সূত্রে, ৩ এনসিপিআই সাংসদের আগেভাগে জবাব জমা দেওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা।
সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত
উল্লেখ্য়, গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে এনসিপিআই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেই শুনানি হয় না। যার ফলে পরোক্ষে 'সুপ্রিম' সুবিধা পেয়ে যান সাংসদরা! সুপ্রিমকোর্টের দেওয়া একমাস সময় শেষে মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম এনসিপিআই মামলার। কিন্তু শেষমেশ সেই শুনানি হয় না। সুপ্রিম কোর্টে শুনানি না হওয়ায়, পরোক্ষে দলত্যাগ বিরোধী আইন মামলায় শীর্ষ আদালতে 'আপাত আংশিক স্বস্তি' পেয়ে যায় এনসিপিআই শিবির।
৫ বার সময় বৃদ্ধি
কিন্তু এবার যে খবর সামনে আসছে, তা এনসিপিআই শিবিরের অস্বস্তি যে বহুগুণে বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দেওয়া কেন বৈধ, কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, তা লিখিতভাবে তা জানাতে বলা হয়েছিল কুড়িজন সংসদকে। জবাব দেওয়ার জন্য সাংসদরা পর পর পাঁচবার স্পিকারের কাছে আবেদনে সময় বাড়ান। যে প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, "প্রক্রিয়া শুরু হয়েছে। জবাব এলেই সিদ্ধান্ত হবে। উভয় পক্ষের বক্তব্য জানার পরই অতি দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ঘোষণা করা হবে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)