জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাম কমছে ক্যানসারের ওষুধের। সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে দাম কমানো হল অ্যান্টি ক্যানসার ওষুধের। এক ধাক্কায় ৭০-৯০% দাম কমল ক্যানসারের ওষুধের। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি ক্যাটেগরির ৫৪৩টি ওষুধের দাম কমিয়েছে এনপিপিএ। নতুন দাম লাগু হবে ৯ নভেম্বর থেকে।
দেশের ক্যানসার রোগীদের জন্য স্বস্তিদায়ক খবর। ক্যানসারের চিকিৎসাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ৫৪৩টি ক্যানসারের ওষুধের নতুন MRP তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এরফলে দেশজুড়ে লাখ লাখ ক্যানসার রোগী ও তাঁদের পরিবার আর্থিকভাবে বড় স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
কবে থেকে কার্যকর হবে নতুন দাম?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, নতুন এমআরপি আগামী ৯ নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হবে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছ থেকে গত ২৭ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই নতুন তালিকা তৈরি করেছে এনপিপিএ। একইসঙ্গে NPPA এও জানিয়েছে যে, নন-শিডিউল ক্যানসার ওষুধের দাম যখনই প্রস্তুতকারকরা সংশোধন করবেন, সেই অনুযায়ী এই তালিকা নিয়মিত আপডেট করা হবে।
কোন ধরনের ওষুধ রয়েছে এই তালিকায়?
এই তালিকায় বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত ক্যানসার থেরাপি এবং ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে—
২০টিরও বেশি ধরনের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপি ড্রাগস।
স্তন ও প্রস্টেট ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ‘ডেনোসুমাব’।
ক্যানসার রোগীদের নিউট্রোপেনিয়া প্রতিরোধে ব্যবহৃত ‘পেগফিলগ্রাস্টিম’।
কোলন, ওভারিয়ান এবং জরায়ুমুখের ক্যানসারের চিকিৎসায় অনুমোদিত ‘বেভাসিজুমাব’।
কোথায় এই তালিকা পাওয়া যাবে?
৫৪৩টি ক্যানসার ওষুধের সংশোধিত দামের তালিকাটি এনপিপিএ-এর অফিশিয়াল পোর্টালে আপলোড করা হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ফলে দেশের বহু মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েন এই রোগের চিকিৎসায়। দাম কমানোর সিদ্ধান্তের ফলে ক্যানসার রোগীদের চিকিৎসা খরচে খানিকটা সুরাহা মিলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)