জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ঋণ, নিয়ন্ত্রণ এবং তহবিল তছরূপ! সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল ইসিএল ফাইন্যান্স (ECL Finance)। কমিটিতে অন্তর্ভুক্তি নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের স্পষ্ট জানিয়ে দিয়েছে, 'কোনও ঋণদানকারী সংস্থা যদি ঋণগ্রহীতা সংস্থার নীতিগত সিদ্ধান্তগুলোতে হস্তক্ষেপ করে, তবে তাকে কেবল ঋণদাতা হিসেবে গণ্য করা যাবে না, বরং সে ওই সংস্থারই একটি সংশ্লিষ্ট পক্ষ (Related Party)'। সেই সূত্রে ইসিএল ফাইন্যান্স লিমিটেডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত
কারচুপির খেলা
২০১৬ সালে সাহা ইনফ্রাস্ট্রটেক নামের একটি সংস্থা গ্রেটার নয়ডায় একটি রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরি করছিল। প্রজেক্টের নাম, 'প্রজেক্ট এনকোর'। পরে নাম বদলে রাখা হয় 'মেঘদূত এনকোর'। পরিকল্পনা ছিল, ১৬০ কোটি টাকার ডিবেঞ্চার জারির। কিন্তু বাস্তবে মাত্র ১১০ কোটি টাকা জারি করা হয়। শুধু তাই নয়, পরে আবার সবকটি ডিবেঞ্চার কিনে নেয় ইসিএল ফাইন্যান্স।
এই লেনেদেন গ্যারান্টার ছিল পাম ডেভেলপার্স। সোজা বাংলায় সাহা ইনফ্রাস্ট্রটেক টাকা শোধ না করলে ঋণের বোঝা চাপবে পাম ডেভেলপার্সের ওপর। এরপর ২০১৭ সালে সাহা ইনফ্রাস্ট্রটেককে ৯০ কোটি টাকার আরও একটি ক্রেডিট সুবিধা দেয় ইসিএল ফাইন্যান্স। গ্যারান্টার সেই পাম ডেভেলপার্সই। এখান থেকে কারচুপির খেলার সূত্রপাত।
ফরেনসিক অডিটে চাঞ্চল্যকর তথ্য
ফরেনসিক রিপোর্টে উল্লেখ, সাহা ইনফ্রাস্ট্রটেকের কর্পোরেট গ্যারান্টার পাম ডেভেলপার্সকে এমন একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যাতে সাহা ইনফ্রাস্ট্রটেক থেকে টাকা অন্য দুটি সংস্থায় পাঠানো যায়। ওই সংস্থাগুলো পাম ডেভেলপার্সেরই প্রমোটারদের সংস্থা বলে জানানো হয়। কিন্ত ফরেনসিক রিপোর্টে দেখা যায় যে, ওই দুটি সংস্থার ওপর ইসিএল ফাইন্যান্সেরই নিয়ন্ত্রণ ছিল। ২০২০ সালে পাম ডেভেলপার্স দেউলিয়া হয়ে যায়।
ইসিএল ফাইন্যান্স এবং এর ডিবেঞ্চার ট্রাস্টি মিলে প্রায় ২৭০ কোটি টাকার দাবি পেশ করে এবং নিজেদের সেই কমিটিতে অন্তর্ভুক্ত করে, যা নির্ধারণ করে সংস্থার ভবিষ্যৎ কী হবে—এই কমিটিকে বলা হয় কমিটি অফ ক্রেডিটরস (CoC)।
এখন নিয়ম হল, CoC-তে কেবল সেই পাওনাদাররাই বসতে পারেন যারা সংস্থার "নিজেদের লোক" নন। আর এখান থেকেই ইসিএল ফাইন্যান্স লিমিটেডের কুকীর্তির আবরণ উন্মোচন শুরু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)