নারায়ণ সিংহরায়: শিলিগুড়ি থেকে মায়াপুর যাবেন? যেতে পারছেন না? খরচের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? যাওয়ার তেমন সুব্যবস্থাও নেই বলে একটু ইতস্তত করছেন? এবার সেসব অতীত হতে চলেছে। শিলিগুড়ি থেকে মায়াপুর যাওয়ার ইচ্ছা থাকলেও যাতায়াতের খরচ ও নানা অসুবিধার কারণে অনেকেই হয়তো এতদিন পিছিয়ে যেতেন। বিশেষ করে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে তীর্থযাত্রার পরিকল্পনা অনেক সময়ই হয়ে ওঠে ব্যয়সাপেক্ষ। সাধারণ মানুষের সেই সমস্যার কথা মাথায় রেখেই শিলিগুড়ি থেকেই মায়াপুর যাতায়াতের সরাসরি বাস পরিষেবা চালু করল রাজ্য সরকার।
শিলিগুড়ি থেকে মায়াপুর
এই নতুন পরিষেবার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী আনন্দময় বর্মন, পাশাপাশি শিলিগুড়ি ইসকনের প্রতিনিধিরাও। অনুষ্ঠানে নতুন বাস পরিষেবার সূচনা ঘিরে ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ। রবিবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে শুরু হল শিলিগুড়ি থেকে মায়াপুর যাতায়াতের বাস পরিষেবা। এর ফলে এবার উত্তরবঙ্গের মানুষ অনেক সহজেই মায়াপুরের তীর্থযাত্রা করতে পারবেন।
আধ্যাত্মিকতার কেন্দ্রে
মায়াপুর শুধু একটি তীর্থস্থান নয়, দেশ-বিদেশের অসংখ্য ভক্তের কাছে এটি আধ্যাত্মিকতার অন্যতম কেন্দ্র। প্রতি বছর বহু মানুষ উত্তরবঙ্গ থেকেও মায়াপুরে পাড়ি দেন। কিন্তু এতদিন সরাসরি বাস পরিষেবা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হতো তাঁদের। ট্রেনের টিকিট, একাধিক যানবাহন পরিবর্তন কিংবা অতিরিক্ত খরচ সব মিলিয়ে অনেকের কাছেই মায়াপুর যাত্রা কঠিন হয়ে উঠত।
সাধারণ মানুষের জন্য
এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের এই নতুন উদ্যোগে শিলিগুড়ি থেকেই মায়াপুর যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ি ইসকনের প্রভুরাও। তাঁদের মতে, এই বাস পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের ভক্তদের জন্য মায়াপুর যাত্রা আরও সহজ হয়ে উঠবে। শুধু ধর্মীয় যাত্রা নয়, সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও এই পরিষেবা আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারাপীঠ-দক্ষিণেশ্বর-মদনমোহন
প্রসঙ্গত, কিছু দিন আগেই জানা গিয়েছিল আর এক রুটের কথা।
জানা গিয়েছে, এবার জুড়ে যাচ্ছে তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে মদনমোহন জিউ! এই নিয়ে রাজ্যে তৈরি হবে নয়া তীর্থক্ষেত্র সার্কিট। দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)