নারায়ণ সিংহ রায়: অগ্নিবীরদের নিয়ে বাগডোগরায় বায়ুসেনার ছাউনিতে সাংবাদিক সম্মেলন করলেন হেডকোয়ার্টার ইস্টার্ন কামান্ড এয়ার ভাইস মার্শাল শেখর যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২০২২ সাল থেকে ৪ বছরের জন্য অগ্নিবীর স্কিমের আওতায় সৈনিক নেওয়া হয়। এর মধ্যে ২৫ শতাংশ সৈনিকদের কর্মদক্ষতা উপর ভিত্তি করে নিয়মিত সৈনিক চিহ্নিত করা হয়। বাকি ৭৫ শতাংশ সৈনিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে সরকারের কাছে সুপারিশ করার পর সরকার অনুমোন দিয়ঠছে। এক্ষেত্রে ২ বছরের কার্যকাল পাবে সৈনিকরা। এছাড়াও তিনি জানান এই ২ বছরে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা ছাড়াও ভারতীয় প্রতিরক্ষায় নিয়মিত সৈনিক হিসেবে নিজেরা যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদের কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দেখা হবে। ইস্টার্ন কামান্ডে মোট ৫২৬জন অগ্নিবীর নেওয়া হয়েছিল, যার ২৫ শতাংশ নিয়মিত সৈনিক হিসেবে যোগদান করে। বাকিদের আরো ২ বছরের সুযোগ দেওয়া হচ্ছে।
গতকালই অগ্নিবীর প্রকল্পে বিরাট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। চার বছরের নির্ধারিত কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও আরও দু’বছর সেনায় কাজের সুযোগ পাবেন অগ্নিবীরদের এক বড় অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী। ২০২২ সালে চালু হওয়া এই প্রকল্পের মূল নিয়ম অনুযায়ী, চার বছরের কর্মমেয়াদ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে নিয়োগ করা হত। বাকি ৭৫ শতাংশের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে ওই ৭৫ শতাংশকেও আরও দু’বছরের অতিরিক্ত এনগেজমেন্টের সুযোগ দেওয়া হবে। সেই মেয়াদ শেষ হলে যাঁরা নিয়মিত বাহিনীতে যোগ দিতে আগ্রহী, তাঁদেরও নির্দিষ্ট মূল্যায়ন ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী নিয়োগের সুযোগ দেওয়া হবে। সিডিএস জানিয়েছিলেন, অতিরিক্ত দু’বছরের কর্মকালীন অগ্নিবীরদের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। তাঁদের কাজের অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে স্কিল সার্টিফিকেট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)