জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্সবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। মোটরবাইক, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে ঋণের উর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকারি। জারি করা হল বিজ্ঞপ্তি।
সহজেই কেনা যাবে বাইক, স্কুটার কিংবা মোপেড
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ মোটরবাইক, স্কুটার বা মোপেড কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা ঋণ পাওয়া যাবে। তবে এই অর্থের পরিমাণ পাঁচ মাসের মূল বেতন অথবা গাড়ির সম্ভাব্য ক্রয়মূল্যের বেশি হবে না। অন্যদিকে, ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে প্রথম অগ্রিমের সর্বোচ্চ সীমা ১ লক্ষ ৫০ হাজার টাকা। সেক্ষেত্রে ছ'মাসের মূল বেতন অথবা গাড়ির ক্রয়মূল্য বিবেচনা করা হবে।
দ্বিতীয়বার অগ্রিমের ক্ষেত্রে সাধারণ বাইক এবং ইলেকট্রিক দু'ধরনের গাড়ির জন্যই সর্বোচ্চ ৯০ হাজার টাকা দেওয়া হবে। এই সুবিধা পাওয়ার জন্য কর্মীদের মূল বেতন (Basic Pay) ন্যূনতম ২৫,৭০০ টাকা হতে হবে। অগ্রিমের মূল অর্থ সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে এবং সুদ সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এখন কোনও কর্মচারী যদি সময়মতো কিস্তি না দেন, তাহলে জরিমানা হিসেবে কমপক্ষে ৮ শতাংশ সুদ দিতে হবে।
সরকারি কর্মচারীদের জন্য নয়া প্রকল্প
এদিকে সরকারি কর্মচারীদের যাতে বেতনের টাকা অগ্রিম পেতে পারেন, সেজন্য চালু হল নয়া প্রকল্প। নাম, 'ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম'। এই প্রকল্পে দু'ভাবে বেতন টাকা অগ্রিম নেওয়া যাবে। স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি প্রয়োজনে মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম নেওয়ার সুযোগ। টাকা ফেরত দিতে হবে সর্বোচ্চ ৬০ দিনে। আবার ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাসের জন্য দীর্ঘমেয়াদি অগ্রিম নেওয়ার ব্যবস্থাও থাকছে। তবে সেক্ষেত্রে নির্ধারিত হারে সুদ দিতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)