'এটা দোষারোপের সময় নয়', চোরবাগান বিপর্যয়ে মমতা-তৃণমূল ও বামেদের বিঁধে বড় বার্তা ঋতব্রতের
Chorbagan stampede: 'হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, ভিড় বাড়ানোটা কাজের কথা নয়। আমরা তো বিশেষজ্ঞ নই। এই চিকিত্সা প্রক্রিয়ায় গিয়ে কিছু করতে পারব না। আমাদের বলেছে ফোনে খোঁজখবর নিন। আমরা ফোনে যোগাযোগ রাখছি'।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: 'এটা দোষারোপের সময় নয়'। চোরবাগান বিপর্যয়ে অবস্থান স্পষ্ট করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন,
'বিরোধী মানেই আমরা আগে থেকে ঝাঁপিয়ে পড়ব, অসংবেদনশীলতা দেখাব, এটা হতে পারে না। কোনও ঘটনা ঘটলেই সেই ঘটনার রাজনীতিকরণ, এই রকম একটা ঘটনার রাজনীতিকরণ অসংবেদনশীলতা'। একযোগে বিঁধলেন মমতা-তৃণমূল ও বামেদের।
আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়ের পর এবার পুজোর ভিড় সামলানোর দায়িত্বে দক্ষ ৯
ভিডিয়ো বার্তায় ঋতব্রত বলেন, 'গতকাল চোরবাগান সার্বজনীনে যে ভয়ংকর দুঃখজনক ঘটনা ঘটেছে, শোক প্রকাশের কোনও ভাষাই যথেষ্ট নয়। যে মানুষেরা তাঁদের প্রাণ হারিয়েছেন, আমাদের সহনাগরিকরা, তাঁদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাজ্ঞাপন করি। তাঁদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সমবেদনা আমরা জানাতে পারি, কিন্তু তাতে তো ওই লোকগুলি ফিরে আসবে না। বহু মানুষ চিকিত্সাধীন। সেই চিকিত্সাধীন মানুষ, তাদের দ্রুত আরোগ্য কামনা করি'।
বিরোধী দলনেতার আরও বক্তব্য, 'খুব দুর্ভাগ্যজনকভাবে, এতবড় ঘটনা! দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন এই ঘটনা ঘটার পর, কত খারাপ লাগার একটি বিষয়, যখন এত মানুষ এই রকম একটা পরিস্থিতিতে, এইরকম একটা শোকের আবহ, সেই সময়ে কিছু মানুষ নখ-দাঁত বার করে ফেলেছেন। কেন হল, কীজন্য হল, কারা দায়ি, নিশ্চিতভাবে এই প্রশ্নগুলি উঠবে। প্রশ্নগুলি পালিয়ে যাচ্ছে না। এই প্রশ্নগুলির উত্তর সরকারকে দিতে হবে। কিন্তু এই সময়ে শোকের আবহ দোষারোপের সময় নয়'।
ঋতব্রতের স্পষ্ট কথা, 'দেখলাম, চাটার্ড মাফিয়া, ঠ্যাঙাড়ে বাহিনী, তাদের আইটি সৈনিক বলা হয়, তাঁদের নামিয়ে দেওয়া হল। নখ-দাঁত বের করে ফেলা হল। এটা দোষারোপের সময় নয়। খুব দুর্ভাগ্যজনকভাবে সিপিএমের আইটি সৈনিক, তাঁরা নেমে পড়ল। আমরা বলছি, নিশ্চিভাবে চর্চা হবে।
এই পরিবেশ থেকে রাজ্য় বেরোক। তারপরে আলোচনা হবে, চর্চা হবে, প্রয়োজনে বিধানসভা হবে। সামাজিক মাধ্যমে হবে'।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ, 'ড:বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে অসম্ভব দক্ষ। কালীঘাট তার থেকে বেরোতে পারছে না। ঠ্যাঙাড়ে বাহিনী নামিয়েছে'। ঋতব্রতের দাবি, 'যখন ঘটনাটি ঘটছে, তখন তথাকথিত আইটি সৈনিকরা অনেক বিভ্রান্তি তৈরি করেছে। এগুলি খুব দুর্ভাগ্যজনক'। বলেন, আজ সকালে দেখলাম, যাঁর যাওয়ার কথা, তিনি আবার গিয়ে ফটোশ্যুট করতে শুরু করেছেন। ফটোশ্যুটের সময় এটা নয়'।
আরও পড়ুন: 'এর থেকেও বেশি ভিড় হয়েছে, আমরা কিন্তু সামলে দিয়েছি', বিস্ফোরক দাবি চোরবাগানের প্রাক্তন পুজোকর্তার
ঋতব্রত জানান, 'আমাদের পার্টি চেয়ারম্যান অরূপ রায় এবং আমাদের আরও নেতৃত্ব যোগাযোগে আছেন। সকালে অ্যাপেলো হাসপাতালের ম্যানেজমেন্ট শীর্ষে যাঁরা আছেন, অরূপদা সঙ্গে কথা হয়েছে। অভিভাবক-সম ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। নারায়ণদা সারারাত ছিলেন, সকালে ছিলেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী তাঁরা গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, ভিড় বাড়ানোটা কাজের কথা নয়। আমরা তো বিশেষজ্ঞ নই। এই চিকিত্সা প্রক্রিয়ায় গিয়ে কিছু করতে পারব না। আমাদের বলেছে ফোনে খোঁজখবর নিন। আমরা ফোনে যোগাযোগ রাখছি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)