‘বাবা না থাকায় পারিবারিক শিক্ষার অভাব!’ ভাইফোঁটায় মমতার ভাইদের কড়া আক্রমণ শোভনদেবের
Mamata Banerjee: পালাবদলের পর প্রথম ভাইফোঁটায় খাঁ খাঁ করল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ভিভিআইপি ও ঘনিষ্ঠদের অনুপস্থিতি নিয়ে বিস্ফোরক শোভনদেব চট্টোপাধ্যায়। কড়া সমালোচনা মদন মিত্রেরও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেটা থাকত ভিড়ে ঠাসা। ভাইফোঁটার দিন সকাল থেকেই পড়ত ভিভিআইপিদের লম্বা লাইন। নেতা, মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাঁরা প্রত্যেকেই আসতেন ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কিন্তু পালাবদলের পর প্রথম ভাইফোঁটায় দেখা গেল, খাঁ খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সকাল থেকে কোনও নেতা তো দূরের কথা তাঁর ঘনিষ্ঠ নেতাদেরও দেখা মিলল না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায় সামিল হলেন ঋতব্রত শিবিরের ভাইফোঁটায়! এমনটা যে হতে চলেছে, তার আভাস অবশ্য মিলেছিল আগেই।
এদিন শোভনদেব চট্টোপাধ্যায়ের ভাইফোঁটায় উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটার প্রসঙ্গও। তিনি বলেন, "মমতার ভাইরা খালি ক্ষমতা দেখেছে। আজ দিদির ক্ষমতা নেই, তাই ভাইরাও একে একে সরে দাঁড়াচ্ছে। এসব ক্ষেত্রে পারিবারিক শিক্ষা এক একটা বড় বিষয়। অল্প বয়সে বাবা মারা যাওয়াতে সেই শিক্ষা ওরা পায়নি। আমার পরিবারের ক্ষেত্রে বাবা যে শিক্ষা দিয়েছিলেন, তাতে আমি মন্ত্রী থাকি বা না থাকি বোনদের সঙ্গে আমার সম্পর্ক একইরকম ছিল ও থাকবে।" কালীপুজোর দিনও যে মমতা বন্দ্যোপাধ্য়ায় 'মনমরা' ছিলেন, সেকথাও বলেন শোভনদেব চট্টোপাধ্য়ায়। বলেন, "কালীপুজোর দিন ওকে কিছুটা মনমরা দেখেছিলাম।"
ওদিকে এদিন ভাইফোঁটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে খোঁচা দিতে ছাড়েননি মদন মিত্র। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন আমাকে ভাইফোঁটায় ডাকেনি, আমি যাইওনি। ও আমাদের ভাই মনে করত না।" আরও বলেন, "গোটা ভারত দেখছে, যে বাংলার দিদি তিনি ভাইফোঁটা বন্ধ করে দিলেন। আমরা আশা করেছিলাম রাজনৈতিক মতপার্থক্য যাই হয়ে থাক না কেন, যারা ওনার বাড়িতে ভাইফোঁটা নিতে যান তাদেরকে তিনি ডাকবেন।"
আরও পড়ুন, 'ভালোবাসার নাম শুভেন্দু অধিকারী', ঋতব্রতের পাশে বসে ফোঁটা নিলেন মমতার ভাই বাবুন!
আরও পড়ুন, মমতার মাধ্যাকর্ষণ শক্তি এখন বিপরীতমুখি, কালীঘাটে ভাইফোঁটা নিয়ে খোঁচা মদনের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)