জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশ থেকে এল রীতিমতো আঁতকে ওঠা খবর। সেখানকার বালাঘাট জেলায় এক গ্রামীণ মেলা চলছিল। সেখানেই বসেছিল ফাস্টফুডের স্টল। আর সেখান থেকে 'চাউমিন' খাওয়ার পরেই ঘটে গেল ভয়াবহ পরিণতি। জানা যাচ্ছে ১০০-রও বেশি শিশু ও ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বালাঘাটের কালেক্টর আদিত্য সিং জানিয়েছেন যে, গত শনিবার সন্ধ্যায় কীর্ণাপুর থানা এলাকার হিরি গ্রামে আয়োজিত একটি মেলায় চাউমিন খেয়ে এই ঘটনা ঘটে। সেখানে নুডলস মুখে তোলার পরপরই বেশ কয়েকজন শিশুর পেট ব্যথা, বমি এবং মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দিয়েছিল। কালেক্টর জানান, শুরুতে ১১৮ জন শিশুকে কিরনাপুরের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। এর মধ্যে ৪৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বালাঘাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বাকি ৭৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শিশুদের পাশাপাশি ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকেও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। যদিও বর্তমানে বর্তমানে সবাই স্থিতিশীল। কালেক্টর হাসপাতালে নিজে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর শত্রুঘ্ন সিং দাহিয়া জানান, শিশু ওয়ার্ডে ভর্তি ৪৫ শিশু এবং মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি ১২ জন প্রাপ্তবয়স্কর সবাই এখন স্থিতিশীল। তিনি বলেন, 'সব রোগীই বিপদমুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।'
ভারতের বিভিন্ন প্রান্তে মেলার অস্বাস্থ্যকর বা বাসি খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা কিন্তু এই প্রথম নয়। চলতি বছরেই এরকম একাধিক নজির আছে। উত্তরপ্রদেশ আমেঠিতেই গত অক্টোবরে গ্রামের এক মেলায় 'খাস্তা' জাতীয় ভাজাপোড়া খাবার খেয়ে প্রায় ১০২ জন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। যাঁদের মধ্যে ৩৯ জন শিশু ছিল। বমি ও ডায়রিয়ার কারণে ১৭ জনকে সেবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গত ফেব্রুয়ারিতে শিবরাত্রি উপলক্ষে ঝাড়খণ্ডের পালামু জেলার দ্বারকা গ্রামে এক মেলা বসেছিল। সেখানে খাবার খেয়ে অন্তত ১৭৫ জন অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। গতবছর অক্টোবরে আক্রান্ত হয়েছিল খোদ বাংলা। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তকিপুর গ্রামের এক মেলা বসেছিল। সেখানে খাবার খেয়ে ৫ জন পুলিসকর্মী ও ১২ জন ব্যবসায়ী-সহ মোট ১৭ জন অসুস্থ হয়ে পড়েছিল। এই ঘটনায় খাদ্যে বিষক্রিয়ার জেরে এক দোকানির মৃত্যুর অভিযোগও উঠেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)