সৌমেন ভট্টাচার্য: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। তারপর আবার ৩০ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব! সবশেষে পলাতক GST ইন্সপেক্টর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক আইন পড়ুয়া তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল GST ইন্সপেক্টর দীপায়ন রায়ের বিরুদ্ধে। অভিযুক্ত নিউ ব্যারাকপুরের বিটি কলেজ এলাকার বাসিন্দা।
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন দীপায়ন। পাশাপাশি খুব শীঘ্রই রেজিস্ট্রি করে বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিতে শুরু করলে হঠাৎই সম্পর্ক অস্বীকার করেন দীপায়ন।
শুধু তাই নয়, বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি ৩০ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ তরুণীর। এরপরই তরুণীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত। গত সেপ্টেম্বর মাসে এই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দীপায়ন পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)