নারায়ণ সিংহ রায়: ভুটানে হ্রদে জলবিস্ফোরণ! ধুয়ে গেল লায়ার গুরুত্বপূর্ণ সড়কের একাংশ, বন্ধ হয়ে গেল যান চলাচল। ভুটানে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। হ্রদে জলবিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হল গাসা জেলার লায়া এলাকার গুরুত্বপূর্ণ জংখাগ সড়ক। রাস্তার একটি বড় অংশ ধুয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই সড়কে যান চলাচল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রাস্তা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকারের পরিকাঠামো ও পরিবহণ মন্ত্রক।
বন্ধ সড়ক
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভুটানের গাসা জেলার লায়া গেওগের লুঙ্গো এলাকায় ওয়াকিলা পর্বতের নীচে অবস্থিত শিনতাফু হ্রদে জলবিস্ফোরণের ঘটনা ঘটে। আর তার জেরেই লায়ার জংখাগ সড়কের ২১ থেকে ২২ কিলোমিটার চেনেজের মধ্যে রাস্তার একটি অংশ সম্পূর্ণ ভাবে ধুয়ে যায়। এর ফলে ওই রাস্তায় যান চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ঘটনার পরই যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে লায়া জংখাগ রোডে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
লায়া জংখাগ সড়ক
ভুটান সরকারের পরিকাঠামো ও পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামীকাল সকালেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে রাস্তার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের পাশাপাশি যত দ্রুত সম্ভব রাস্তা মেরামত ও পুনরুদ্ধারের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ওই সড়ক ব্যবহারকারী সমস্ত যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য যাতায়াতকারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লায়া জংখাগ সড়কে যাতায়াত না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
সতর্ক থাকার নির্দেশ
ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে চলাচল করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। প্রাকৃতিক এই ঘটনার জেরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তা পুনরায় যান চলাচলের উপযোগী করতে কতটা সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়। আগামীকাল সকালে রাস্তার পরিস্থিতি পরিদর্শনের পরই পুনরুদ্ধারের কাজ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। ভুটানের পরিকাঠামো ও পরিবহণ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
রেড অ্যালার্ট জারি
ভুটানের গাসা জেলার লায়া অঞ্চলে একটি বিপজ্জনক হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার ফলে ভয়াবহ 'হড়পা বান'। এর ফলে শুধু ভুটানে নয় ক্ষতি হবে আসাম এবং বাংলার ভুটান লাগোয়া সীমান্ত এলাকায়। রেড অ্যালার্ট জারি আলিপুরদুয়ার বিস্তীর্ণ এলাকায়। ভুটানে এই হিমবাহ হ্রদটি বিপদজনক হিসেবেই চিহ্নিত ছিল। যেভাবে এই ঘটনা ঘটেছে, তার প্রক্রিয়াটি বিজ্ঞানসম্মতভাবে Glacial Lake Outburst Flood বা GLOF নামে পরিচিত।
হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসছে জল
ভুটানের গাসা জেলার লায়া গেউগের লুঙ্গোতে ওয়াকিলা পর্বতের পাদদেশে অবস্থিত শিনতাফু হ্রদটি হঠাৎ ফেটে যায়। প্রায় ৭৪ লক্ষ ঘনমিটার জল এই হ্রদ থেকে তীব্র গতিতে নেমে আসতে শুরু করে। তীব্র জলের তোড়ে লায়া অঞ্চলের গুরুত্বপূর্ণ জংখাগ সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। স্থানীয় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলিতে অনবরত সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)