অয়ন ঘোষাল: ভুটানে প্রলয় চলছে। একদিন আগেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে প্রলয় চালিয়েছে অর্ণব। কেমন থাকবে বাংলার আবহাওয়া? এই মুহূর্তে বিহার উত্তরপ্রদেশ এবং ছত্তীসগঢ় ঘেঁষে অবস্থান করছে নিম্নচাপে পরিণত হওয়া 'অর্ণব'। অর্ণবের পরোক্ষ প্রভাবে গতকাল বাংলায় সাগরদ্বীপে সর্বোচ্চ ৮০ মিমি বৃষ্টি হয়েছে। এবার আন্দামানে নতুন করে আসছে নিম্নচাপ।
বিদায়লগ্নে অর্ণব
অর্ণব তার বিদায়লগ্নে দাঁড়িয়ে। তবে বঙ্গোপসাগরে পরপর দুটি সিস্টেমের ঝক্কি। প্রথমটি ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি করেছে। যেটি আজ বিকেলের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার পরের ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। উপগ্রহচিত্র দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটির অভিমুখ হয় তামিলনাড়ু অথবা হবহু অর্ণবের গতিপথ ধরে স্থলভাগের দিকে এগোবে।
অর্ণবের বৃষ্টিবাহুল্য
পূর্বাভাস অনুযায়ী অর্ণবের ডানহাতি বাঁক রাজ্যে গত ২৪ ঘণ্টায় একাধিক এলাকাকে ভাসিয়েছে। বৃষ্টি হয়েছে সাগরদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা ৮০ মিমি। ইটামোগরা ৮০মিমি। দিঘা ৮০ মিমি। পাঁশকুড়া ৮০ মিমি। গোপীবল্লভপুর (ঝাড়গ্রাম) ৭০ মিমি। তমলুক ৭০ মিমি। পুরিহাঁসা (পুরুলিয়া) ৬০ মিমি। ফুলবেরিয়া ৫০মিমি। মেদিনীপুর ৫০ মিমি। ঝাড়গ্রাম ৫০ মিমি। আমতা (হাওড়া) ৫০ মিমি।
দুর্যোগের কালো ছায়া আর ক'দিন?
দক্ষিণবঙ্গে আজ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তুলনামূলক বেশি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, পশ্চিম বর্ধমানে, বীরভূমে, দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া। বাকি ৩০-৪০ কিমি। আজ বর্ষণের তালিকায় যোগ হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। উত্তরবঙ্গে আজ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি।
কবে থেকে শীতের পরশ?
আগামীকাল শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি। নভেম্বর মাসের ১১ নভেম্বর ফের বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে আরেকটি নিম্নচাপ। এর প্রভাব যে রাজ্যেই পড়ুক না কেন, বঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে বঙ্গে মনোরম আবহাওয়া। রাতে এবং ভোরে হালকা শীতের পরশ। বের করতে হবে শীতের পোশাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)