নারায়ণ সিংহ রায়: বিধায়কের বাড়ির পাশে সাতসকালে শিক্ষিকাকে খুনের চেষ্টার অভিযোগ! মহিলাকে ছুরির আঘাত, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ অভিযুক্তের। এলাকায় চাঞ্চল্য।
ঘটনাটি কী?
শিলিগুড়ির শান্তিনগর এলাকায় সাতসকালে এক শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত শিক্ষিকার নাম শিউলি দত্ত। অভিযোগ, বুধবার সকাল প্রায় ছটা নাগাদ প্রাতঃভ্রমণ ওয়াকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সজল দাস নামে এক ব্যক্তি। এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হন ওই শিক্ষিকা। এরপর অভিযুক্ত ব্যক্তি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ। ঘটনা স্থল থেকে পুলিশ দুজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, আক্রান্ত শিক্ষিকা শিউলি দত্তকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, অভিযুক্ত সজল দাসকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তাঁর চিকিৎসা চলছে।
কেন হামলা?
স্থানীয় বাসিন্দারা জানান, শিউলি দত্ত ও সজল দাসের মধ্যে দীর্ঘদিনের পরিচয় এবং প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় চর্চায় রয়েছে। প্রায় ১৫ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলেও দাবি স্থানীয়দের। তবে এই সম্পর্কের প্রকৃত পরিস্থিতি এবং হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই মহিলা অভিযুক্তের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন বলে দাবি করা হচ্ছে। সেই কারণেই ক্ষোভের বশে এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ তদন্ত চলবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)