দুর্গাপুজোয় নিরাপত্তার চাদরে কলকাতা, কলকাতার রাস্তায় ৩১ হাজার পুলিস! ১৪ জায়গায় অ্যাম্বুল্যান্স
Durga Puja Traffic: দুর্গাপুজোয় কলকাতার যানজট ও নিরাপত্তা সামলাতে প্রায় ৩১ হাজার পুলিসকর্মী মোতায়েনের পরিকল্পনা। এর মধ্যে প্রায় ৬ হাজার সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড থাকবেন। পাশাপাশি, ১৪টি জায়গায় অ্যাম্বুল্যান্স, প্রকাশিত ট্রাফিক গাইড ম্যাপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় আর যানজটের আশঙ্কা। চতুর্থী থেকেই শহরের বিভিন্ন বাজার, শপিং মল এবং গুরুত্বপূর্ণ রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। এই পরিস্থিতিতে পুজোর দিনগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিস।
পুলিস সূত্রে খবর, দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরে প্রায় ৩১ হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য থাকবেন প্রায় ৬ হাজার কর্মী। পাশাপাশি, প্রায় ৬ হাজার হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারও দায়িত্ব সামলাবেন। ভিড় নিয়ন্ত্রণ, যানজট মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়াই পুলিসের প্রধান লক্ষ্য। যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজর পুজোর সময় শহরের রাস্তায় গাড়ির চাপ যেমন বাড়ে, তেমনই বাড়ে পথচারীদের ভিড়। ফলে গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা এবং জনপ্রিয় পুজোমণ্ডপের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা পুলিসের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন, বাংলার ১৬ সরকারি হাসপাতালে সস্তায় ওষুধের ব্যবস্থা? জনঔষধি কেন্দ্র নিয়ে বড় উদ্যোগ
এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন অনুযায়ী ব্যারিকেড, নো-পার্কিং ও নো-এন্ট্রির ব্যবস্থা করা হবে। পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ যাতে বাধামুক্ত থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভিড়ের স্বাভাবিক চলাচল বজায় রাখতে আলাদা পরিকল্পনা করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। শহরের ১৪টি জায়গায় থাকবে অ্যাম্বুল্যান্স পুজোর ভিড়ের মধ্যে কোনও দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার জন্য শহরের ১৪টি গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাম্বুল্যান্স রাখার পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতিতে কলকাতা পুলিসের ১১২ ও ১০০ নম্বর হেল্পলাইনও ২৪ ঘণ্টা চালু থাকবে।
ফলে পুজোর আনন্দের মধ্যে কোনও বিপদ ঘটলে দ্রুত সাহায্য পাওয়ার ব্যবস্থা রাখতে চাইছে প্রশাসন। প্যান্ডেল হপিংয়ে সাহায্য করবে ট্রাফিক গাইড ম্যাপ ঠাকুর দেখতে বেরিয়ে কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে, কোথায় প্রবেশ ও বেরোনোর পথ রয়েছে, কাছাকাছি কোন মেট্রো স্টেশন, এই তথ্য জানতে সাহায্য করবে কলকাতা পুলিসের দুর্গাপুজোর গাইড ম্যাপ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় এই ম্যাপ প্রকাশ করা হয়েছে। গাইড ম্যাপে গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপে যাওয়ার রাস্তা, প্রবেশ ও নিষিদ্ধ প্রবেশের পয়েন্ট, কাছাকাছি মেট্রো স্টেশন এবং বিভিন্ন পরিবহণের তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবার নম্বরও রয়েছে। প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা আগে থেকে করে নিলে যানজট এড়াতে দর্শনার্থীদের সুবিধা হতে পারে।
আরও পড়ুন, 'শুধু আনন্দ করলে হবে না...', নাগেরবাজারে পুজো উদ্বোধনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
শিশুদের নিরাপত্তাতেও বিশেষ ব্যবস্থা পুজোর ভিড়ে পরিবারের কাছ থেকে শিশুদের হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই সমস্যা মোকাবিলায় এ বছর প্রায় এক লক্ষ শিশুর জন্য পরিচয়পত্র তৈরি করা হয়েছে। কোনও শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত তার পরিচয় জানা যায় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। পুজোর আগে কলকাতা পুলিসের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, যান নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর দায়িত্বে থাকবেন পুলিসকর্মীরা। সব মিলিয়ে, পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়াই কলকাতা পুলিসের প্রধান লক্ষ্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)