জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্সবের আনন্দ ঢেকে গিয়েছে বিষাদে। চোরবাগানে বিপর্যয়ের পর তত্পর প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগে এবার শহরের ৩ বড় পুজো কমিটিকে নোটিশ পাঠাল দমকল। দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হল ত্রিধারা, চেতলা অগ্রণী ও বালিগঞ্জ কালচারালে পুজো উদ্যোক্তাদের।
৩ পুজো কমিটিকে নোটিশ দমকলের
অভিশপ্ত সপ্তমী। গতকাল, শনিবার উত্তর কলকাতা চোরবাগান সার্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১৯ জনে। শহরের অন্য পুজো মণ্ডপে নিরাপত্তা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের টিম তৈরি করেছে রাজ্য সরকার। সেই টিমে পরিদর্শনে ত্রিধারা, চেতলা অগ্রণী ও বালিগঞ্জ কালচারালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা একাধিক গলদ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
ত্রিধারা
--
কেন নোটিশ?
মণ্ডপের ভিতরের সাজসজ্জায় অত্যন্ত দাহ্য পদার্থ ব্যবহার। আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়া আশঙ্কা। বিদ্যুত্ সংযোগে ত্রুটি।
নির্দেশ
---
অগ্নিকাণ্ড রুখতে পুজো মণ্ডপে সমস্ত বৈদ্যুতিক ইনস্টলেশন ও ওয়্যারিংয়ের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। নির্দেশ কার্যকর করে রাত ৯টার
মধ্যে জানাতে হবে স্থানীয় দমকল কেন্দ্রে।
চেতলা অগ্রণী
--
কেন নোটিশ?
মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। মণ্ডপের পাশে একাধিক অস্থায়ী কাঠামো তৈরি করে দোকান চালানোর অভিযোগ। ওই অস্থায়ী কাঠামোগুলিতে বাণিজ্যিক কার্যকলাপ চলছিল, যা West Bengal Fire Services Act, 1950-এর 23A ধারার লঙ্ঘন বলে নোটিসে উল্লেখ। কয়েকটি দোকানে LPG সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল। অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি পুজো মণ্ডপের পাশে এই ব্যবস্থা অগ্নি-নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।
নির্দেশ: বেআইনি অস্থায়ী কাঠামোগুলি অবিলম্বে ভেঙে ফেলতে হবে এবং রাত ৮টার মধ্যে স্থানীয় দমকল কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার কথা জানাতে হবে।
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
--
কেন নোটিশ?
পুজো মণ্ডপের ভিতরে আলোর ব্যবস্থা অত্যন্ত কম। জরুরি পরিস্থিতিতে সমস্যা হতে পারে।
নির্দেশ: অবিলম্বে মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। মণ্ডপের প্রবেশ ও প্রস্থান গেট এবং সংলগ্ন এলাকায় কোনও বাণিজ্যিক কার্যকলাপ করা যাবে না।
বন্ধ হচ্ছে পুজোয় ভিআইপি পাস
এদিকে কলকাতার সমস্ত বড় পুজোয় ভিআইপি প্রবেশের ব্যবস্থা তুলে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। আলাদা ভিআইপি লাইন নয়, পুজো মণ্ডপে ঢোকার একটা জেনারেল লাইন রাখার পরিকল্পনা। আজ, রবিবার ভবানীভবনে রাজ্য পুলিসের সদর উচ্চ পর্যায়ের বৈঠকের পর তেমনটাই জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)