এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?
ছটপুজোর আগে কলকাতা ও হাওড়ার ঘাট পরিদর্শন করলেন অগ্নিমিত্রা পাল। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়ার ভাবনা রাজ্য সরকারের। নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
অয়ন ঘোষাল: রাজ্যে পালাবদলের পর প্রথম উৎসবের মরশুমে গা ভাসিয়েছে রাজ্যবাসী। দুর্গাপুজো মিটেছে, কালী-জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি তুঙ্গে। সামনেই ছটপুজো। এবার তারই আগাম সতর্কতা হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে, শহর থেকে জেলার পুকুর-নদীঘাটগুলিতে নজরদারি চালাচ্ছেন পুর দপ্তরের মন্ত্রী। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই ও পুর-কমিশনার স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে গঙ্গাবক্ষ থেকে হাওড়া ও কলকাতার ঘাটগুলি পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল।
তাঁর কথায়, বিগত সরকারের আমলে রাজনীতি করে হিন্দুদের উৎসব বন্ধ করা হয়েছিল। এবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরেও ছটে অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেন অগ্নিমিত্রা। পাশাপাশি, গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের সুরক্ষায় একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এবার শহরের দু’প্রান্তে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো চালু করতে চাইছে রাজ্য সরকার।
আরও পড়ুন, স্বাস্থ্যভবনে বসেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি! স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ চিকিত্স
এদিন ঘাট পরিদর্শনের পরই সাংবাদিকদের প্রশ্নের মুখে অগ্নিমিত্রা স্পষ্ট জানিয়েছেন, “এবছর আমরা রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দেব। না হলে সেখানকার মানুষ যাবেন কোথায়? বিগত সরকারের আমলে সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেটা হবে না। জলে নেমে পুজো করে সঙ্গে সঙ্গে সমস্ত সামগ্রী তুলে নিতে হবে।” পরিবেশ সুরক্ষায় নজরদারি জোরদার করতে প্রতিঘাটে ভলান্টিয়ার মোতায়েন থাকার কথাও জানান মন্ত্রী। পাশাপাশি, তৃণমূল সরকারকে বিঁধে অগ্নিমিত্রার মন্তব্য, “বিগত সরকারের আমলে রাজনীতি করে হিন্দুদের উৎসব বন্ধ করে দেওয়া হত। এখন থেকে তা আর চলবে না।”
তিনি আরও বলেন, 'আমরা ভাবছি রবীন্দ্র সরোবরে পুজো করতে দেব। কেন করতে দেব না? ওখানকার মানুষগুলো কোথায় ছটপুজো করবে? মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সামনে যে চারটি উত্সব রয়েছে তা পরিদর্শন করব। ঘাটের পরিধি, কত লোক ধরবে সেগুলো দেখব। সেই সময় জোয়ার থাকবে তাই প্রয়োজনীয় ব্যবস্থা। ভিড় যেন না হয়, চেঞ্জিং রুম, বায়োটয়লেটের ব্যবস্থা করা হবে। ঘাট পরিস্কারের জন্যও ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন, ফের রাস্তায় টেট পাস চাকরিপ্রার্থীরা, ৩ দাবিতে বিকাশভবন যাওয়ার আগেই আটকে দিল পুলিস
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)