মমতার মাধ্যাকর্ষণ শক্তি এখন বিপরীতমুখি, কালীঘাটে ভাইফোঁটা নিয়ে খোঁচা মদনের
Madan Mitra: ভাইফোঁটা নিয়ে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুটো ভাইফোঁটা হত। একটা হল গণ ভাইফোঁটা, যে আসত তারই কপালে ছুঁয়ে দিতেন
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ রাজপাট বদলের পর বদলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ছবিও। না কালীপুজো, না ভাইফোঁটা সেই ভিড় গায়েব। খুব কাছের ফিরহাদ হাকিম, স্বরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়রা গায়েব। এনিয়ে এবার কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
ভাইফোঁটা নিয়ে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুটো ভাইফোঁটা হত। একটা হল গণ ভাইফোঁটা, যে আসত তারই কপালে ছুঁয়ে দিতেন। আর একটা হল এক্সক্লুসিভ ভাইফোঁটা, তাঁর কোর কমিটির ভাইদের জন্য। সেই ফোঁটায় আমরা থাকতাম না। মূলত শোভন, ববি, অরূপরা থাকত। এটা দিদির একদম কোর ভাইদের ফোঁটা। গণ ভাইফোঁটায় গিয়েছি। তবে ইদানিং বেশ কয়েক বছর যাইনি। কোনও দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কিছুর সঙ্গে যোগাযোগ ছিল না। আমি কোর কমিটিতে ছিলাম না, প্রশ্নই আসে না।
মদন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যাকর্ষণ শক্তি এখন বিপরীতমুখি। সেই কারণেই অন্যান্যবার তাঁর হাত থেকে ভাইফোঁটা নেওয়ার জন্যে যে বিপুল ভিড় হত, এবার তা থাকছে না। ভাইফোঁটা ঘিরে যে অতিরিক্ত বাড়াবাড়ি করা হত তার জন্য এখন এই অবস্থা। মদন মিত্রের আক্ষেপ, ভাইফোঁটার সময় তাঁকে দূরে দাঁড়িয়ে থাকতে হত। তিনি কখনওই কোর কমিটির মেম্বার ছিলেন না।
আরও পড়ুন-ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আখবান'?
এনিয়ে মমতাপন্থী তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, মদনদা অনেককিছুই বলবেন। এখন নতুন নতুন অনেক কিছুরই স্বাদ পাচ্ছেন। তাঁর অনেককিছুই বাধ্যবাধকতা রয়েছে। সিবিআই ইডির চিঠি রয়েছে। তাই এনিয়ে কিছু বলব না। তবে এটুকু বলব, মদনদাও কিছু কম পায়নি দিদির কাছ থেকে। মদনদা করেওছে দলের জন্য, সেটাও অস্বীকার করছি না। মদনদা কিন্তু দিদির ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই ছিলেন।
উল্লেখ্য, এবার আর জমিয়ে ভাইফোঁটা হচ্ছে না মমতার বাড়িতে। কুণাল ঘোষের দাবি ভোট পরবর্তী পরিস্থিতির জন্য় ভাইফোঁটা হচ্ছে না। তবে যারা দেখা করতে চান তারা আসতে পারেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)