অয়ন ঘোষাল: বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা রয়েছে। আজ ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। বৃষ্টির আশঙ্কা রয়েছে আজও।
দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে আজ বিকেল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন গাল্ফ অফ মায়ানমারে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা। পরবর্তী সময় এটি বঙ্গোপসাগর এবং আরব সাগর অববাহিকায় ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে আরও শক্তি বাড়াতে পারে। শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড় হলে এর নাম হবে আখবান। নামটি ওমানের দেওয়া।
আজ বুধ এবং কাল বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। উত্তুরে শীতল হাওয়া বইবে। মেঘলা আকাশ এবং প্রবল জলীয় বাষ্পের জেরে বেড়ে যাওয়া তাপমাত্রা সপ্তাহান্তে কমতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)