জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী সোনি রাজদান সম্প্রতি কথা বলেছেন তাঁর প্রেগনেন্সি নিয়ে। সিনেমা ও টেলিভিশন প্রজেক্টে কাজ করার সময়েই জানতে পেরেছিলেন যে তাঁর গর্ভে রয়েছে আলিয়া ভাট। সোনি 'স্ক্রিন'কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ১৯৯৩ সালে মহেশ ভাটের সিনেমা 'গুমরাহ'-র শুটিং চলাকালীন জানতে পারেন যে, তাঁর ছোট মেয়ে আলিয়ার মা হতে চলেছেলন তিনি। দ্বিতীয়বার মা হওয়ার স্মৃতি ভাগ করে নিয়েছেন সোনি। জানিয়েছেন যে, সেই সময়ে সহকর্মী ও ইউনিটের পুরো টিম তাঁকে কীভাবে সাহায্য করেছিল। ১৯৮৬ সালে রমেশ সিপ্পি ও জ্যোতি স্বরূপে পরিচালনায় 'বুনিয়াদ' সিরিয়ালের হাত ধরে টেলিভিশনে ডেবিউ হওয়া সোনি বলেন, সেই ধারাবাহিকে কাজ করার সময় তিনি প্রথমবার গর্ভবতী হয়েছিলেন।
প্রথমবার মা হওয়ার স্বাদ সোনির
সোনি বলেন, 'বুনিয়াদের শুটিং চলাকালীন আমি প্রথমবার গর্ভবতী হই। সিপ্পি পরিবার আমার প্রতি অত্যন্ত সদয় ছিল। তখন আমি লোখাণ্ডওয়ালা কমপ্লেক্সের এক প্রত্যন্ত এলাকায় থাকতাম, যেখানে সকালে শুটিংয়ে যাওয়ার জন্য একটা ট্যাক্সি পাওয়াও রীতিমতো কঠিন ছিল। আমাদের বিবাহিত জীবনের তখন সবে শুরু। আমার নিজের কোনও গাড়ি ছিল না। তাই তাঁরা আমার জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন, যাতে ভোর ৬টায় যাতায়াতের জন্য আমাকে কোনও দুশ্চিন্তা করতে না হয়। সেই সময়ে লোখাণ্ডওয়ালা এলাকা মোটেও উন্নত ছিল না। এমনকী শুটিং সেটেও তাঁরা আমাকে সবচেয়ে ভালো ঘর দিয়েছিলেন এবং আমার খুব ভালো যত্ন নিয়েছিলেন।'
দিনে ১০০ সিগারেট হবু মায়ের!
পরিচালক মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী সোনি। তাঁদের প্রথম কন্যা শাহিন ভাট ১৯৮৮ সালে জন্মায়। এর কয়েক বছর পর ১৯৯৩ সালে 'গুমরাহ'তে কাজ করার সময় সোনি ফেরগর্ভবতী হন। তবে সিনেমার কিছু দৃশ্যের শুটিংয়ের সময় তিনি বুঝতে পারেননি যে তিনি আলিয়াকে গর্ভে ধারণ করেছেন। সোনি হেসে বলেন, 'আমি তখন ধূমপানের একটি দৃশ্যের শুটিং করছিলাম; একদিনেই হয়তো প্রায় ১০০ সিগারেট খেয়ে ফেলেছিলাম! তখন আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আলিয়া আমার গর্ভে। আমি আসলে ধূমপায়ী নই, কিন্তু সেই ঘটনার পর আমার প্রচণ্ড সিগারেট খাওয়ার ইচ্ছা হচ্ছিল।' সোনিকে শেষবার 'শক: ট্রাস্ট নো ওয়ান' সিরিজে দেখা গিয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)