আড়াই কাঠায় চারতলা বহুতল, ১৬ লাখের ডিমান্ড! জমি মালিককে লোহার রড দিয়ে পেটাল প্রোমোটার
Howrah promoter extortion: হাওড়ার জি টি রোডের উপর ফজির বাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফি তাঁর আড়াই কাঠা জায়গা ডেভেলপ করতে দিয়েছিলেন প্রোমোটারদের। চুক্তিমতো বহুতলের ৬০ শতাংশ প্রোমোটর নেয়। জমি মালিকের ছেলে রেহান খান অভিযোগ করেন, যে ফ্ল্যাট দেওয়া হয়েছে তার কাজ সম্পূর্ণ করেননি প্রোমোটার।
দেবব্রত ঘোষ: হাওড়ার ফজির বাজার এলাকায় জমির মালিক ও প্রোমোটারের মধ্যে মারামারি। জমির মালিককের কাছে ষোলো লাখ টাকা ডিমান্ড! না পেয়ে মালিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ প্রোমোটার ও তার দলবলের বিরুদ্ধে। গুরুতর জখম জমি মালিক হাওড়া হাসপাতালে ভর্তি। এই ঘটনায় দু'পক্ষই হাওড়া থানায় অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিস দুজনকে গ্রেফতার করেছে।
হাওড়ার জি টি রোডের উপর ফজির বাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফি তাঁর আড়াই কাঠা জায়গা ডেভেলপ করতে দিয়েছিলেন প্রোমোটারদের। পার্টনারশিপে কয়েজন প্রোমোটার ওই জায়গায় চারতলা বহুতল বানায়। চুক্তিমতো বহুতলের ৬০ শতাংশ প্রোমোটর নেয়। বাকি ৪০ শতাংশ দেওয়া হয় জমির মালিককে। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জমির মালিকের ছেলে রেহান খান অভিযোগ করেন, যে ফ্ল্যাট দেওয়া হয়েছে তার কাজ সম্পূর্ণ করেননি প্রোমোটার। উল্টে ১৬ লাখ টাকা চাইছেন। এই টাকা না দেওয়াতেই হুমকি দেওয়া হয় ও মারধর করা হয়।
প্রোমোটার ও তার দলবল ফ্ল্যাটে এসে হামলা চালায়, লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জমির মালিক বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তাঁর ছেলে প্রোমোটার সাহাজাদা খান সহ আরও কয়েজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সাহাজদা খানকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এদিকে তাঁর ছেলে জানিয়েছেন, জমির মালিককে ৪০ শতাংশেরও বেশি জায়গা দিয়েছেন। সেই টাকা-ই তাঁরা দাবি করেছেন। কোনও তোলা চাওয়া হয়নি!
পুলিস সূত্রে জানা গেছে, দু'পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় হাওড়া থানার পুলিস আজ দুজনকে গ্রেফতার করে। প্রোমোটারের ছেলে সোহেল খান ও তাঁর পরিচিত আরবাজ খানকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
আরও পড়ুন, দু'পা-ই শক্ত করে বাঁধা! হাওড়ার পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, সুপরিকল্পিত খুনের অনুমান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)