মনোজ মণ্ডল: পশ্চিমবঙ্গে প্রথমবার! বারাসাতে দর্শনের সুযোগ শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গের! পশ্চিমবঙ্গে এই প্রথমবার দর্শনের জন্য নিয়ে আসা হল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের ঐতিহাসিক সোমনাথ মন্দিরে পূজিত শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গের অংশবিশেষ। মঙ্গলবার বারাসাতের বিদ্যাসাগর হলে এই পবিত্র জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ পেলেন বহু ধর্মপ্রাণ মানুষ। এই উপলক্ষে দ্য আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের।
রোহিণীতে অত্যধিক আসক্তি
পুরাণকথা অনুযায়ী, রাজা দক্ষ তাঁর ২৭ কন্যার সঙ্গে চন্দ্রদেবের বিবাহ দিয়েছিলেন। কিন্তু চন্দ্রদেব রোহিণীর প্রতি অধিক আসক্ত থাকায় ক্ষুব্ধ হন রাজা দক্ষ। তিনি চন্দ্রদেবকে ক্ষয়রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রভাস তীর্থে এসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ছয় মাস ধরে কঠোর তপস্যা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন চন্দ্রদেব।
চন্দ্রের অনুরোধেই
চন্দ্রদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাঁকে অভিশাপমুক্তির বর দেন। চন্দ্রদেবের অনুরোধেই সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন মহাদেব। কথিত আছে, এরপর চন্দ্রদেব সোনা দিয়ে আরব সাগরের তীরে গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ মন্দির নির্মাণ করেন।
দূর গুজরাট বাংলায়
ইতিহাসের নানা সময়ে একাধিকবার আক্রমণ ও লুণ্ঠনের শিকার হয়েছে এই প্রাচীন মন্দির। পরবর্তীতে বহুবার পুনর্নির্মাণও করা হয়েছে সোমনাথ মন্দিরটি। সেই সোমনাথ জ্যোতির্লিঙ্গের অংশবিশেষ বারাসাতে নিয়ে আসায় ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও আবেগ। দূর গুজরাটের সোমনাথের পবিত্র স্মৃতিবিজড়িত এই দর্শনের সুযোগ পেয়ে আপ্লুত হন উপস্থিত দর্শনার্থীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)