জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই এক জল্পনা ছড়াচ্ছে। আর এনিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে উত্তাল বাংলাদেশ। কখনও শোনা যাচ্ছে সড়ক পথে দেশে ফিরতে পারেন হাসিনা। এবার এনিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
মঙ্গলবার হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তাঁকে বন্দি হিসেবেই ফিরতে হবে। তাঁকে হাতকড়া পরিয়েই আনা হবে। শোনা যাচ্ছে উনি বিমান বাংলাদেশের একটি বিমানে দেশে ফিরতে চান। ওই ইচ্ছা তাঁর দিবাস্বপ্ন।
অন্যদিকে, বাংলাদেশ ইন্টারন্যাশানাল ক্রাইম ট্রাইব্যুনালের প্রধান কৌসুলি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার জন্য যে বিমান পাঠানোর অনুরোধ করেছেন তা একপ্রকার পাগলামি ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশের সংবাদমাধ্য়মে বাংলাদেশের বিদেশমন্ত্রী কবীর বলেন, কী চাই আর কী পাব তার মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। বাস্তবটা হল একজন জঙ্গিকে প্রত্যার্পণ ছাড়া ফেরত আসতে দেওয়া হবে না। উনি কোনও সাধারণ যাত্রী নয়। ওঁকে একমাত্র হাতকড়া পরিয়ে কড়া প্রহরায় আনা যেতে পারে।
বাংলাদেশে বিজয় দিবস পালন করা হবে আগামী ১৬ ডিসেম্বর। শেখ হাসিনার মুখপাত্র সম্প্রতি আন্তর্জাতিক এক সাংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ওই মন্তব্যের পরই দেশজুড়ে প্রবল শোরগোল শুরু হয়ে গিয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মুজাম্মিল আলি বলেন, উনি চান বাংলাদেশ তাঁর ফেরার ব্যবস্থা করুক। ২০২৪ সালের ৫ অগাস্ট তিনি বাংলাদেশের বিমানে ভারতে গিয়েছিলেন। ওঁকে ফেরার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের। এরকম এক পরিস্থিতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সেখানে তিনি ভারতের প্রভাবের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।