জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে রাজ্যে। পাইপলাইনে ২ লক্ষ কোটির প্রকল্প, আজ ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা করব'। কোলাঘাটে 'কল্পতরু' কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকরী। বললেন, 'আমি সেই নেতা নই, যে ঘোষণা করে পালিয়ে যাব। আমি যা ঘোষণা করি, তাই করি। বিবেকানন্দর ভবিষ্যৎদ্বাণী আমি মেনে চলি। ভারতকে বিশ্বগুরু বানানো, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করা মোদীজীর লক্ষ্য। আর সেই কারণেই পরিকাঠামোগত উন্নয়ন দরকার। আগামী ৫ বছরে জাতীয় সড়ক বাংলার হয়ে যাবে আমেরিকার মতো। পরিকাঠামো উন্নয়ন হবে। বেকারদের কর্মসংস্থান হবে'।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী বলেন, আপনাদের কাছে আসতে পেরে ভালো লাগছে। এই বাংলা স্বামী বিবেকানন্দর জন্মভূমি ও কর্মভূমি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমি। আমাদের দেশের স্বাধীনতার জন্যে যিনি জীবন সমর্পণ করেছেন সেই নেতাজীর ভূমি। এই রাজ্যে বদল হয়েছে, পরিবর্তন এসেছে। একদিকে মোদীজী, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এখন ডাবল ইঞ্জিন বুলেটের গতিতে ছুটছে'। তাঁর কথায়, 'আপনারা আমাদের দায়িত্ব দিয়েছেন। মোদীজীর ও আমার দায়িত্ব বাংলাকে বদলে দেওয়া সড়ক প্রকল্পে। আমি আমার কথা রাখব এটা বলে গেলাম। বাংলার জন্যে যত টাকা লাগবে তত টাকা দেব। জমির অধিগ্রহণ করে দিক। বনাঞ্চলের অনুমতি করিয়ে দিন। আমরা বাকি কাজ করে দেব'।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী জানান, 'বারাণসী থেকে কলকাতা করিডর হচ্ছে। হাইওয়ে ডিপিআর হয়েছে। বাংলায় ত্রিশ হাজার কোটির কাজ হবে। মাত্র ৫ ঘন্টায় আসা যাওয়া যাবে। গোরক্ষপুর থেকে শিলিগুড়ি ছয় ঘন্টায় যাওয়া যাবে। বাগডোগরাকে জুড়ে দেওয়া হবে। রক্সৌল থেকে নেপাল জুড়বে। এতে কলকাতা বন্দরের সুবিধা হবে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি চার ঘন্টায় যাওয়া হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মুখ্যমন্ত্রী চেয়েছেন। আমরা ডিপিআর করছি। এক ঘন্টায় যাওয়া যাবে। শিলিগুড়ি থেকে সিকিম রাস্তা হবে। এক ঘন্টায় যাওয়া যাবে'।
কলকাতাকে নিয়ে কেন্দ্রের কী পরিকল্পনা? তা জানিয়ে দিয়েছেন নিতিন গডকরী। বলেন, 'আমরা কলকাতার বিকাশ চাইছি, দিল্লি-এনসিআরের ধাঁচে। কলকাতাকে দূষণ ও যানজট মুক্ত করা হবে। কলকাতাকে ঘিরে রিং রোডের অনুমোদন দিলাম। ১৪ হাজার কোটি দিলাম। এটা সবে সিনেমার ট্রেলার, সিনেমা বাকি আছে। রাজ্য এটার ডিপিআর করুক। রাজ্য আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে এই কাজ করুক। মেট্রো হবে, সাঁতরাগাছি এলিভেটেড করিডর হবে। গঙ্গাসাগর জোড়ার জন্যে স্পেশাল অনুমোদন দেব। আপনার ইচ্ছা আমি পূরণ করব। কলকাতা থেকে পেট্রাপোল চার লেনের অনুমোদন দিলাম। বীরভূমে ময়ূরাক্ষীর উপরে নয়া সেতুর অনুমোদন দিলাম'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)