SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আলোর উৎসবের আড়ালে আঁধার! ড্রেনের জলে প্লাস্টিকে বাঁধা নবজাতক, ত্রাতা হয়ে এলেন অচেনা দম্পতি

Jalpaiguri News: প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়ানো অবস্থায় ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত! পুজোর আনন্দ ভুলে শিশুর জন্য হাসপাতালে রাত জাগছেন ধূপগুড়ির দম্পতি।

Edited By Soumita Khan
Published: Oct 22, 2026, 12:37 PM IST | Updated: Oct 22, 2026, 02:08 PM IST
Join

প্রদ্যুত দাস: চারদিকে যখন দুর্গাপুজোর আনন্দ, তখন এক সদ্যোজাত শিশুর জীবন বাঁচাতে মানবিকতার অনন্য নজির গড়লেন ধূপগুড়ির এক দম্পতি। অন্ধকারে পুকুরপাড়ের জঙ্গলের পাশে ড্রেন থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার হল এক সদ্যোজাত পুত্রসন্তান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, দক্ষিণ খয়েরবাড়ি এলাকার বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়ির পাশেই ঘটেছে এই ঘটনা। তাঁর বউমা রান্নাঘরে রান্না করছিলেন। হঠাৎই কানে আসে শিশুর কান্নার আওয়াজ। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও বারবার কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। অন্ধকারে মোবাইলের আলো জ্বালিয়ে কান্নার উৎস খুঁজতে শুরু করেন তাঁরা।

এরপরই সামনে আসে এক হৃদয়বিদারক দৃশ্য! বাড়ির পাশের পুকুরপাড়ে জঙ্গলের ধারে একটি ড্রেনের মধ্যে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে এক সদ্যোজাত পুত্রসন্তান। শিশুটিকে ওই অবস্থায় দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: শীতের পরশের মাঝেই অশনি সংকেত! সাগরে নিম্নচাপ, ফের বৃষ্টির তাণ্ডবের ইঙ্গিত

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। দ্রুত শিশুটিকে উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিসে। এরপর সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করেন।

বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সদ্যোজাত পুত্রসন্তানটি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটি আপাতত সুস্থ রয়েছে। তবে কে বা কারা এমন অমানবিকভাবে সদ্যোজাত শিশুটিকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মুড়িয়ে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

এই ঘটনার মধ্যেই উঠে এসেছে মানবিকতার এক অন্য ছবি। জলপাইগুড়ি হাসপাতালে সদ্যোজাত শিশুটির পাশে রাত জাগছেন ধূপগুড়ির ওই দম্পতি। শিশুটির সুস্থতাই এখন তাঁদের কাছে সবচেয়ে বড় প্রার্থনা। নিজের সন্তান না হয়েও সদ্যোজাতের প্রতি তাঁদের এই মমত্ববোধ মন ছুঁয়েছে সকলের।

আরও পড়ুন: দত্তপুকুরে আটক সন্দেহজনক গাড়ি, ছুটে এল এনআইএ-এনএসজি, উদ্ধার বিপুল 'বিস্ফোরক'!

একদিকে সদ্যোজাতকে ড্রেনে ফেলে যাওয়ার অমানবিক ঘটনা, অন্যদিকে সেই শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসা মানুষের মানবিক মুখ। একই ঘটনায় যেন ফুটে উঠল সমাজের দুই বিপরীত ছবি। সত্যিই, মানুষ মানুষের জন্য।

স্বামী বিবেকানন্দের সেই অমর বাণী যেন আরও একবার মনে করিয়ে দিল এই ঘটনা- 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।' পুজোর আনন্দের মধ্যেও ধূপগুড়ির এই ঘটনা যেন আরও একবার প্রমাণ করল, মানবিকতা আজও বেঁচে রয়েছে মানুষের হৃদয়ে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES