গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?
ছাব্বিশে বিধানসভা ভোটে ইটাহার থেকে ঘাসফুল প্রতীকে জিতে বিধায়ক হন মুশাররফ। সম্প্রতি মমতার পাশে থাকার বার্তা দেন তিনি।
ভবানন্দ সিংহ: বদলের বাংলায় বড় খবর। গ্রেফতার মমতা ঘনিষ্ঠ বিধায়কের ভাই! পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। যদিও পুলিসের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বাংলায় শক্তি বাড়াচ্ছে NCPI! পাঁচ জেলায় পঞ্চায়েত সমিতি দখলের দাবি সুদীপ-কাকলিদের
উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মুশাররফ হোসেনের ভাই মুজাফ্ফর হোসেন গ্রেফতার করেছে পুলিস। গতকাল শনিবার প্রথমে মুজাফ্ফরকে আটক করা হয়, তারপর গ্রেফতারি। ছাব্বিশে বিধানসভা ভোটে ইটাহার থেকে ঘাসফুল প্রতীকে জিতে বিধায়ক হন মুশাররফ। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত তিনি। বস্তুত দলের সংখ্যালঘু সেলের দায়িত্বও পেয়েছিলেন ইটাহারের বিধায়ক। যদিও পারিবারিক কারণে সেই পদ থেকে সরে দাঁড়ান।
ছাব্বিশে বিধানসভা ভোটের পর তৃণমূল এখন দ্বিখণ্ডিত। পরিবর্তিত পরিস্থিতি দীর্ঘদিন নীরব ছিলেন মুশাররফ। তবে সম্প্রতি মমতার পাশে থাকার বার্তা দেন তিনি। ঘটনাচক্রে, তার ঠিক পরেই গ্রেফতার করা হল তাঁর ভাইকে। মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, 'আইনের শাসন আর শাসকের আইন, এই বিভাজন করার চেষ্টা করে যে সরকার ক্ষমতায় এসেছিল, সেটা ক্ষেত্রে বিশেষে পালটে যাচ্ছে। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বা থাকতে চাইছেন আবার, তাঁদের বা তাঁদের ঘনিষ্টদের বিরুদ্ধে আইনের শাসন চলে আসছে। আর যারা ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, যাঁদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, তাঁরা এখন শাসকের আইনের মধ্যে আছেন। অর্থাত্ আইনে শাসনের একটা আর শাসকের আইন একটা ক্ষেত্রে বিশেষে সরকার পরিচালনা করছে'।
আরও পড়ুন: অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে মাথায় হাত চাষিদের
রাজ্য় বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত্ সরকারের অবশ্য স্পষ্ট কথা, 'গ্রেফতার হয়েছে, তার মানে তো মামলা হয়েছে। মামলা যখন ছিল, জামিন নেয়নি কেন? রাজনৈতিক লোকেদের একাধিক মামলা থাকতে পারে, রাজনৈতিক মামলা বা ব্যক্তিগত মামলাও থাকতে পারে'। তাঁর দাবি, 'এতদিন ধরে শুধুমাত্র নিজেদের সরকার আছে বলে আইনকে বুড়ো আঙূল দেখাবে বলে প্রবণতা ছিল। সেটা তো আর চলবে না। তখন শাসকের আইন চলত, শাসকদলের কেফ আইনে চোখে খারাপ নন। জামিন না নিলেও চলে, আদালতে না গেলেও চলে। এইরকম ব্যাপার ছিল, এখন তো আর তা হবে না। এখন সবাইকে আইনে আমলে আসতে হবে'। বলেন, সুতরাং যাঁরা বাকি আছেন, তাঁরাও ছটপট আদালতে যান, ব্যবস্থা নিন। না হলে সবাই গারদে যাবেন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)