অর্ণবাংশু নিয়োগী: ২০১৯ সালের আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতায় নতুন মাত্রা যোগ হল। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার দ্রুত শুনানি নিশ্চিত করতে রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও আদালত সতর্ক করেছে বলে আইনজীবী সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৫ সালের কেন্দ্রীয় নিয়মকে কেন্দ্র করে। নিয়ম অনুযায়ী, মোট শূন্য পদের ৫০ শতাংশ কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে প্রমোশনের ভিত্তিতে পূরণ করার কথা এবং বাকি ৫০ শতাংশ পদে নতুন আবেদনকারীদের নিয়োগ হওয়ার কথা। সেই হিসাব অনুযায়ী, একটি নির্দিষ্ট পর্যায়ে ১,৭২৯টি পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে প্রমোশনের মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, মাত্র ৪২২টি পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে হাইকোর্টের একক বেঞ্চ কর্মীদের পক্ষেই রায় দেয় এবং স্পষ্ট করে জানায় যে নির্ধারিত নিয়ম মেনে কর্মরত অঙ্গনওয়াড়িদের থেকেই প্রমোশনের ভিত্তিতে নিয়োগ করতে হবে। পরবর্তীতে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চও একক বেঞ্চের রায় বহাল রাখে। সংশ্লিষ্ট অংশের দাবি অনুযায়ী, ১,৭১৩টি পদের ক্ষেত্রে আইসিডিএস কর্মীদের প্রাপ্য অংশের বিষয়টি সামনে আসে।
এদিকে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, মোট ৩,৪৫৮টি শূন্য পদের মধ্যে মাত্র ৪০৫টি সুপারভাইজার পদ আইসিডিএস কর্মীদের জন্য ছাড়া হয় এবং বাকি পদগুলিতে নতুন প্রার্থীদের সুযোগ দেওয়া হয়। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগ তুলে পরবর্তীতে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইসিডিএস কর্মীরা।
অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশের অভিযোগ, সুপ্রিম কোর্টে দীর্ঘ দুই বছর ধরে মামলাটি ঝুলে থাকলেও রাজ্য সরকার দ্রুত শুনানির উদ্যোগ নেয়নি। এদিন মামলাটি শুনানির জন্য উঠলে আইনজীবী মহলের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয়। শীর্ষ আইনজীবী আশীষ চৌধুরী জানান, আদালত স্পষ্ট মন্তব্য করেছে যে মামলাটি দ্রুত শুনানির জন্য রাজ্য সরকারকে যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তা করতে হবে। এ জন্য রাজ্যকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে; অন্যথায় আদালত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ ও প্রমোশন সংক্রান্ত মামলায় আদালতের এই কড়া অবস্থান নতুন করে আশার আলো দেখিয়েছে বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশের মধ্যে। এখন আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির জন্য কী পদক্ষেপ নেয় এবং মামলার পরবর্তী গতিপ্রকৃতি কী হয়, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)