শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সংবিধান দিবস উপলক্ষ্যে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, যারা অতীতে দেশে জরুরি অবস্থা জারি করেছিল কিংবা ৮৪-র শিখ দাঙ্গার মতো ঘটনার নেপথ্যে ছিল, তাদের মুখে সংবিধান রক্ষার কথা শোভা পায় না।\
শুভেন্দু অধিকারীর কথায়, 'বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গিয়েছে সেই সংবিধানকে রক্ষা করার কাজ করছে নরেন্দ্র মোদীর আমলে বিজেপি। যারা এমার্জেন্সির মতো অবস্থা সৃষ্টি করেছে তাদের বা তাদের সহকারি দলের কোন অধিকার নেই সংবিধান দিবস পালন করার এবং সংবিধানের কথা বলার। জরুরি অবস্থায় সংবাদমাধ্যম থেকে শুরু করে প্রতিবাদীদের কি অবস্থা হয়েছিল দেশের লোক ভুলে যায়নি। ৮৪ সালে যারা শিখ দাঙ্গা করে তাদের মুখে সংবিধানের কথা মানায় না।'
রাজ্যে বিজেপি সরকারের ২০০ দিন পূর্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, এই সময়কালের মধ্যে সংবিধান লঙ্ঘিত হওয়ার মতো একটি ঘটনাও কেউ দেখাতে পারবে না। অতীতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বিরোধী দলনেতাকে দীর্ঘ ১১ মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে রাখা হয়েছিল এবং সংবাদমাধ্যমও বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিল। তবে বর্তমান জামানায় বারুইপুর থেকে শুরু করে বাগদা পর্যন্ত যেকোনো জায়গা থেকে সাংবাদিকরা স্বাধীনভাবে খবর পরিবেশন করছেন এবং কোনো বাধা দেওয়া হচ্ছে না।
নির্বাচনী পরিবেশের পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, গত সরকার সংবিধানের যে চারটি বিভাগ ছিল সবগুলো আক্রান্ত হয়েছিল। বিগত দিনে যারা সংবিধান লংঘন করেছে তারা সংবিধানের কথা বলেছে। পোস্ট পোল ভায়োলেন্সের কথা মানুষ জানে। গত ৫০ বছর পর এমন একটা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে এ বছর যেখানে একজনের মৃত্যু হয়নি একজনও আহত হয়ে হাসপাতালে যায়নি। এবারের নির্বাচনে ফলতার সামগ্রিক বিধানসভা ছাড়া কোন বুথে রিপোল হয়নি। কোন ভিডিও নেই কোন ছবি নেই। আমরা ক্ষমতায় আসার পর দুটো বাই পোল করেছি। কোথাও কোন ভিডি.ো ছবি নেই কোন ভোটারের বক্তব্য নেই যে বলছেন এখানে গণতন্ত্র শেষ করা হয়েছে।
বিরোধী দলগুলোর দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেরালা বা তামিলনাড়ুতে তারা জিতলে বলে জয় হয়েছে, কিন্তু বিহার, আসাম কিংবা পশ্চিমবঙ্গে বিজেপি জিতলেই ইভিএম এবং গণতন্ত্রকে কাঠগড়ায় তোলে। দেশে ড. বি আর আম্বেদকরের প্রণীত সংবিধান রক্ষা ও তা মেনে চলার কাজ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই নিষ্ঠার সঙ্গে করে চলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)