টাওয়ার বসানোর নামে সাইবার প্রতারণার ফাঁদ, দুর্গাপুরে তিন মহিলা-সহ ৮ জন গ্রেফতার
অভিযোগ, টাওয়ার বসানোর বিনিময়ে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করত অভিযুক্তরা। এরপর ওটিপি-সহ নানা তথ্য হাতিয়ে প্রতারণা করা হত। অভিযানে বহু সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, ল্যান্ডফোন, নকল পরিচয়পত্র এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিস।
চিত্তরঞ্জন দাস: টাওয়ার বসানোর ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, প্রতারকদের ডেরায় ঢুকে গ্রেফতার করল পুলিস তিনজন মহিলা-সহ আট জনকে। টাওয়ার বসানোর নাম করে টাকা দেওয়ার টোপ ফেলে ওটিপি হাতিয়ে সাইবার প্রতারণা। দীর্ঘদিন ধরে দুর্গাপুরের বেনাচিতিতে একটি ভাড়া বাড়িতে বসে কার্যত অফিস বানিয়েছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার যুবককে সঙ্গে নিয়ে বিহারের একটি দল।
এবার সেই রকমই একটি ডেরায় হানা দিল দুর্গাপুর থানার পুলিস। গ্রেফতার তিন যুবতী-সহ চার যুবক। উদ্ধার হয়েছে বহু নকল আই কার্ড, সিম, মোবাইল ল্যাপটপ, ল্যান্ড ফোন-সহ নানা রকম ইলেকট্রনিক্স সামগ্রী। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেনাচিতির ওই ভাড়া বাড়িতে বসেই প্রতারণার জাল বিস্তার করেছিল অভিযুক্তরা।
আরও পড়ুন, পুরভোটে কারা হচ্ছেন বিজেপির প্রার্থী? দিলীপ ঘোষের বড় মন্তব্য
ঠিক কী অভিযোগ?
অভিযোগ, বিহারের একটি চক্র পশ্চিমবঙ্গের একাধিক জেলার যুবক-যুবতীদের নিয়ে এই কারবার চালাচ্ছিল। বাইরে থেকে সাধারণ অফিসের মতো দেখতে হলেও, আড়ালে চলছিল প্রতারণার কাজ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ফোন করে মোবাইল পরিষেবা সংস্থার টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হত।
টাওয়ার বসাতে মোটা অঙ্কে টোপ
টাওয়ার বসাতে জমি বা বাড়ি দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাওয়ার প্রলোভন দেখানো হত। সেই টোপে পা দিতেই হাতিয়ে নেওয়া হত সাধারণ মানুষের কষ্টের লক্ষ লক্ষ টাকা। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং মৌখিক ভাবে বলেন, 'আমাদের কাছে খবর ছিল এই প্রতারকরা এখানে বসেই এই কাজ করছে। আমাদের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বহু সিম, অনলাইন নথি, একাধিক মোবাইল, আইডেন্টিটি কার্ড, ল্যান ফোন-সহ নানারকম সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।'
আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়: গলা কার? বিভ্রান্তিকর ঘোষণার 'ভয়েস' চিনতে ধৃত সেন্টু-কালিয়ার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)