বিক্রম দাস: ধৃত সেন্টু এবং কালিয়ার ভয়েজ স্যাম্পেল সংগ্রহ করতে চায় পুলিশ। ভয়েস স্যাম্পেল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাচ্ছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করার কাজ চলছে। একাধিক ফুটেজ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। যেখানে ঘোষণা শোনা গেছে। যা পরীক্ষা করা হচ্ছে।
ইতিমধ্যেই ৩-৪ জনের থেকে ঘটনার সময়কার মাইকিংয়ের অডিও ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃতদের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে। চোরবাগান কাণ্ডে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যাদের মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের বেশ কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মী এবং এলাকার মানুষের বয়ান রেকর্ড করা হয়েছে। মূলত তারা ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন? তা জানতে চাইছে পুলিশ।
প্রসঙ্গত, গতকালই চোরবাগান কাণ্ডে আরও এক ঘোষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কুশল মজুমদার ওরফে কালিয়া। বিভ্রান্তিকর ঘোষণা করে বিপদ বাড়ানোর জন্য বৃহস্পতিবারই অপর ঘোষক সেন্টুকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে, বিচাপক পুনরায় পুলিস হেফাজতের নির্দেশ দেন।
বৃহস্পতিবার নদিয়া থেকে চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে আটক করা হয়। বিপর্যয়ের পর থেকেই পলাতক ছিল সেন্টু। বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই মোবাইল বন্ধ ছিল। গোপন আস্তানা থেকে বিভিন্ন সময়ে অন্য অন্য নম্বর থেকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল সেন্টু। শেষে বৃহস্পতিবার নদিয়া থেকে ধরা পড়ে সঞ্জীব রাহা।
ওদিকে শুক্রবার গভীর রাতে গিরিশ পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করে কুশল ওরফে কালিয়া। তারপর তাকে গ্রেফতার করা হয়। এদিকে স্বামীর গ্রেফতারিতে বিস্ফোরক দাবি করেছেন কুশল মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। তিনি দাবি করেন, "স্বামীকে ২৭ অক্টোবর পর্যন্ত গা ঢাকা দিয়ে অন্য কোথাও থাকতে বলা হয়েছিল। কিন্তু স্বামী ক্রমশ উপলব্ধি করেন প্রভাবশালীরা তার মাথার ওপর থেকে একে একে হাত তুলে নিচ্ছে। তাই বিপাকে পড়ে আজ ভোরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)