অয়ন ঘোষাল: পুজোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আছে। তবে দুর্যোগের আশঙ্কা নেই। ভারী বৃষ্টির আশঙ্কাও নেই ষষ্ঠীর পর।
নিম্নচাপের আপডেট
সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ভারতে। প্রথম সপ্তমী থেকেই গোটা বাংলায় তুলনায় ভালো আবহাওয়া। প্রথম সপ্তমীর প্রথম কয়েকঘণ্টা হালকা বৃষ্টির পূর্বাভাস শুধু উপকূল ও দার্জিলিংয়ে।
বর্ষা বিদায়
পুজোর সপ্তাহে ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণ ভারতে। নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টা আগে আজই রাজ্যের সিংহভাগ অঞ্চল থেকে বিদায় নিয়েছে বর্ষা। বর্ষার অক্ষরেখা থেকে গেছে শুধু উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলায়। বৃহস্পতিবারের মধ্যে বাংলার বাকি অংশ তো বটেই, দেশ থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, দক্ষিণ ভারতে যাত্রা শুরু উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর।
পুজোয় আবহাওয়ার আপডেট
মঙ্গলবার তৃতীয়া। গোটা রাজ্যে শুকনো আবহাওয়া। বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
বুধবার চতুর্থী। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। রাজ্যের অন্য সব জেলায় শুকনো আবহাওয়া।
বৃহস্পতিবার পঞ্চমী। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। কোনও জেলাতেই কোনও দুর্যোগের সতর্কতা নেই। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া।
শুক্রবার ষষ্ঠী। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। কোনও জেলাতেই কোনও সতর্কতা নেই।
শনিবার প্রথম সপ্তমী। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস। কোনও জেলায় সতর্কতা নেই। উত্তরের বাকি জেলায় শুকনো আবহাওয়া।
রবিবার দ্বিতীয় সপ্তমী। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়েও। যদিও কোনও সতর্কতা নেই। রাজ্যের বাকি জেলায় শুকনো আবহাওয়া।
সোমবার অষ্টমী। উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, নবমী দশমী একাদশী। গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া। ভোরের দিকে হালকা হিমেল হাওয়া এবং শিরশিরানি ভাব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)