সেঞ্চুরি পার লঙ্কার, ধনেপাতা ৫০০ টাকা কেজি! পুজোর মরসুমে বাজারে আগুন, নাভিশ্বাস মধ্যবিত্তের
Market Price Hike: লঙ্কার দাম ১০০ টাকা পার। ধনেপাতার দাম দাঁড়িয়েছে ৫০০ টাকা প্রতি কেজি। পঞ্চমীর সকালে বাজার করতে গিয়ে নাভিশ্বাস মধ্যবিত্তের।
প্রদ্যুত দাস: পঞ্চমীর সকালেও সবজির বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। পুজোর মরশুমে কেনাকাটার চাপের মধ্যেই চড়া দামে সবজি কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার সবজি বাজারে ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদরের খোঁজখবর নিল জি ২৪ ঘণ্টা।
বাজারে লঙ্কার দাম ১০০ টাকা ছাড়িয়েছে। অন্যদিকে, ধনেপাতার দাম কিলোপ্রতি প্রায় ৫০০ টাকা বলে জানাচ্ছেন ক্রেতারা। তাঁদের অভিযোগ, ১০০ টাকার নীচে ভালো মানের সবজি পাওয়াই এখন কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে। চড়া দামের কারণে আগের মতো ব্যাগ ভর্তি করে বাজার করার পরিবর্তে অনেকেই অল্প পরিমাণে সবজি কিনে ক্যারিব্যাগে করে বাড়ি ফিরছেন।
আরও পড়ুন: পুজোর মধ্যেই আরও ৪৫ হাজার সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর! চতুর্থীতেই নয়া উপহার
পুজোর মুখে নতুন জামাকাপড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের কেনাকাটা—সব ক্ষেত্রেই খরচ বাড়ছে। অথচ সেই অনুপাতে বাড়েনি সাধারণ মানুষের আয়। ফলে সংসার চালাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলিকে।
ক্রেতাদের আরও অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে সবজির দামের হেরফের হচ্ছে। তাঁদের দাবি, কয়েক দিন আগেও বাজারগুলিতে প্রশাসনের তরফে লাগাতার নজরদারি ও অভিযান চালানো হচ্ছিল। পুজোর সময়েও সেই নজরদারি অব্যাহত রাখা হোক, যাতে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা যায় এবং ক্রেতারা কিছুটা স্বস্তি পান।
সব মিলিয়ে, পুজোর আনন্দের মাঝেও সবজির আকাশছোঁয়া দাম এখন জলপাইগুড়ির সাধারণ মানুষের কাছে বড় চিন্তার কারণ। উৎসবের মরশুমে বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে ক্রেতারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)