প্রদ্যুত্ দাস: সর্ষের তেলের দাম বেশি, তাই প্রদীপের বদলে বৈদ্যুতিক আলোর কদর বাড়ছে! পাশাপাশি বাড়ছে মোমের কদর। দীপাবলির আগে বাহারি লাইটে সেজে উঠেছে জলপাইগুড়ির বাজার। মোমের মধ্যে গোলাপ ,লাড্ডু অনেক রকমের মিষ্টি আইটেম দীপাবলির বাজার জমে উঠেছে।
দীপাবলির আর বেশি দেরি নেই। উৎসবকে সামনে রেখে জলপাইগুড়ির বাজারে এখন আলোর রোশনাই। দোকানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের বাহারি বৈদ্যুতিক আলো। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে উৎসব উদযাপনের ধরনও। একসময় দীপাবলিতে বাড়ির আনাচে-কানাচে প্রদীপ জ্বালানোর চল বেশি থাকলেও, বর্তমানে সর্ষের তেলের দাম বাড়ায় অনেকেই প্রদীপের পাশাপাশি বৈদ্যুতিক আলোর দিকে বেশি ঝুঁকছেন।
সাধারণ এলইডি লাইট থেকে শুরু করে রঙিন ঝলমলে আলো, আলোর মালা, ঘর সাজানোর বিশেষ লাইট -- সবেতেই রয়েছে নানা বৈচিত্র্য। বাড়ির বারান্দা, ছাদ, জানলা থেকে শুরু করে ঘরের অন্দরসজ্জা, সবকিছুকে আলোকিত করতে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বাহারি সব আলোকসজ্জার সামগ্রী।
ব্যবসায়ীদের দাবি, জলপাইগুড়ির বাজারে ২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দামের বিভিন্ন ধরনের লাইট পাওয়া যাচ্ছে। ফলে সাধ্যের মধ্যে বাজেট অনুযায়ী পছন্দের আলো কিনতে পারছেন ক্রেতারা। কেউ কিনছেন অল্প দামের রঙিন লাইট, আবার কেউ বাড়ি সাজাতে বেছে নিচ্ছেন বড় আকারের আলোকসজ্জা।
তেলের দাম বৃদ্ধির কারণে প্রদীপ জ্বালানোর খরচ নিয়ে চিন্তিত অনেকেই। তাই ঐতিহ্য মেনে প্রদীপ জ্বালানোর পাশাপাশি বাড়ির সাজসজ্জায় বৈদ্যুতিক আলোর ব্যবহারও বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও বাঙালির চিরাচরিত দীপাবলিতে মাটির প্রদীপের গুরুত্ব এখনও অটুট।
সব মিলিয়ে দীপাবলির আগে জলপাইগুড়ির বাজারে এখন আলোর কেনাকাটায় ব্যস্ততা। রকমারি ডিজাইনের বাহারি আলোয় সেজে উঠেছে দোকানপাট। সর্ষের তেলের দাম যতই বাড়ুক, উৎসবের আনন্দে আলোর রোশনাইয়ে কোনও খামতি রাখতে চাইছেন না ক্রেতারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)