অয়ন ঘোষাল: প্রবল ঘূর্ণিঝড় মুরাসু ল্যান্ডফলের প্রায় ৩৬ ঘণ্টা পরেও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রয়েছে। এটি এই মুহূর্তে তেলেঙ্গানা রাজ্যের ওপর রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি ক্রমশঃ দুর্বল হয়ে প্রথমে মহারাষ্ট্র এবং পরে ছত্তীসগড় গিয়ে ছোটনাগপুর মালভূমি এলাকায় বিলীন হবে।
দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকে কালীপুজোর আগের রাত অর্থাৎ শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রায় সামান্য পতনের ইঙ্গিত। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশা। হেমন্তের পরশ। কালীপুজো পর্যন্ত মনোরম আবহাওয়া।
দক্ষিণবঙ্গে কালীপুজোর পরের দিন সোমবার থেকে আবার বৃষ্টি। সোমবার ৯ তারিখ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি উপকূলের জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়ায়। দক্ষিণবঙ্গে ১০ তারিখ প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।
উত্তরবঙ্গে আপাতত আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য করে কমবে। এখনই দিনের তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। খুব হালকা বৃষ্টি। রাতের দিকে সামান্য শিরশিরানি ভাব। কাল বৃহস্পতিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। মনোরম হেমন্তের আবহাওয়া তৈরি হবে। কলকাতায় আগামী রবিবার পর্যন্ত রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত নেমে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার ঘরে আসতে পারে। দিনের তাপমাত্রার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
১১ নভেম্বর নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। যার প্রভাব তামিলনাড়ু অন্ধ্র উপকূলে প্রত্যক্ষ ভাবে পড়তে পারে। পরোক্ষভাবে বাংলায় আবার শুষ্ক উত্তর পশ্চিমী হাওয়ার দাপট কমে বাড়তে পারে জলীয় বাষ্প পূর্ণ পূবালী হাওয়ার দাপট। ফলে আবার বাড়বে অস্বস্তি। আবার উত্থান হবে দিন ও রাতের তাপমাত্রার।
১৩ নভেম্বর আবার বঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
১৮ নভেম্বরের পর স্থায়ী হেমন্তের পরশ। শীতের পোশাক ব্যবহারের প্রয়োজন হতে পারে রাতে এবং ভোরে। বাতানুকূল যন্ত্র আর প্রয়োজন নাও হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)