বিধান সরকার: লক্ষ্মী পুজোর বাজার চড়া! প্রতিমা, ফল, সবজি কিনতে ছ্যাঁকা লাগছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিজয়া দশমীর রেশ কাটতে না কাটতেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়। কিন্তু এ বছর লক্ষ্মীপুজোর সামগ্রী কিনতে গিয়ে সমস্যায় মধ্যবিত্ত। প্রতিমা থেকে ফল,সবজি সবকিছুর দামই বেড়েছে। ফলে পুজোর আনন্দের মাঝেও চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।
লক্ষ্মী প্রতিমা কিনতে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ছোট ছাঁচের লক্ষ্মী প্রতিমার দাম ২০০ থেকে ২৫০ টাকা। অন্যদিকে, মাঝারি আকারের প্রতিমা কিনতে গুনতে হচ্ছে প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকা। শুধু প্রতিমাই নয়, দাম বেড়েছে ফলেরও। পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলিকে।
হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে প্রতি বছর লক্ষ্মীপুজোর আগে ক্রেতাদের ভিড়ে ঠাসা থাকে বাজার। তবে এবছর ছবিটা কিছুটা আলাদা। অন্যান্য বছরের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা কম। ক্রেতা থেকে বিক্রেতা, সকলেরই বক্তব্য, এবছর বিভিন্ন সামগ্রীর দাম কিছুটা বেড়েছে।
লক্ষ্মী পুজো মানেই খিচুরি লাবড়া। সবজি কিনতে গিয়েও বেগ পেতে হচ্ছে।বেগুন পটল মূলো ঝিঙে কপি সব জিনিসের দাম চড়া। ক্রেতারা জানাচ্ছেন, লক্ষ্মী প্রতিমার দাম অনেকটাই বেড়েছে। পাশাপাশি ফলের দামও ঊর্ধ্বমুখী। ফলে পুজোর কেনাকাটা করতে গিয়ে বাড়তি খরচের বোঝা বইতে হচ্ছে তাঁদের। উৎসবের মরশুমে এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের পকেটে টান পড়ছে ফলে বাজেটে কাটছাঁট করতে হচ্ছে বলে জানান ক্রেতারা।
অর্থনীতিবিদদের মতে, উৎসবের মরশুমে যোগান ও চাহিদার মধ্যে ফারাকের কারণেই এই মূল্যবৃদ্ধি। কিন্তু যেভাবে প্রতিটি জিনিসের দাম বেড়েছে, তাতে কীভাবে পুজো করা হবে আর কীভাবেই বা সংসার চলবে, সেই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সামলে পুজোর জোগাড় করা ও সংসার সামলানো-ই এখন মধ্যবিত্ত মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)