তাঁরা বাপ কা বেটা! ভারত-পাক যুদ্ধে ফের দ্রাবিড়-বীরু! ভারতীয় ক্রিকেটে আর্যবীর-অন্বয় ঝড়
তাঁরা বাপ কা বেটা! ভারত-পাক যুদ্ধে ফের দেখা যাবে দ্রাবিড়-বীরু জুটি! এবার ভারতীয় ক্রিকেটে আর্যবীর-অন্বয় ঝড়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সর্বকালের সেরা দুই ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগ। দু'জনেই বিপক্ষের ত্রাস ছিলেন। একজন ঘণ্টার পর ঘণ্টা ক্রিজ কামড়ে বোলারদের সব এনার্জি শেষ করে দিতেন। আরেকজন বেদম প্রহারে ভুলিয়ে দিতেন বল করাই। দ্রাবিড় এবং শেহওয়াগরা আজ ইতিহাসে। তবে তাঁদের ছেলেরা ভীষণ ভাবে বর্তমানে এবং আগামিতেও। কারণ তাঁরা হাঁটছেন বাবাদের দেখানো পথ ধরেই। এই মুহূর্তে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দুই সম্পদ-আর্যবীর শেহওয়াগ এবং অন্বয় দ্রাবিড় । সম্প্রতি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে যুব সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জয়ী হওয়ার পথে এই দু'জন দুর্দান্ত পারফরম্যান্স করছিলেন। তবে এবার তাঁদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
ভারত-পাকিস্তান
আগামী ৫-১৪ নভেম্বর ওমানে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ভারতের হয়ে আর্যবীর ও অন্বয়ের দলে সুযোগ পাওয়ার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। যদি আর্যবীর ও অন্বয় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হন, যা তাদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অত্যন্ত সম্ভাবনাময়—তবে গ্রুপ পর্বে তাঁরা পাকিস্তান, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবেন। ভারত-পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের চিরপ্রতিদ্বন্দ্বিতা এমনিতেই অত্যন্ত আগ্রহের বিষয়। আর্যবীর ও অন্বয়ের উপস্থিতি এই ডুয়েলের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। চিরশত্রু এই দুই দলের মধ্যের ম্যাচ হবে ৮ নভেম্বর।
চর্চায় অনূর্ধ্ব-১৯
টানা দ্বিতীয় বছরের মতো ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আগের আসরে সবার নজর ছিল বৈভব সূর্যবংশী ও আয়ূষ মাত্রের মতো তরুণ তারকাদের উপর। এবার আকর্ষণের কেন্দ্রে থাকবেন আর্যবীর ও অন্বয়। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরে পাকিস্তান ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত সেই হারের বদলা নেয় এবং পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে। বর্তমান দলের প্রসঙ্গে বলতে গেলে, ভারতের হয়ে খেলা প্রথম তিনটি ম্যাচেই ওপেনিংয়ে নেমে আর্যবীর দুর্দান্ত শুরু করেছিলেন। তবে তিনি এখনও অর্ধশতক হাঁকাতে পারেননি; তাঁর সর্বোচ্চ ইনিংস ৪৭ রানের। অন্যদিকে গত জুলাই মাসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের যুব ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৬৭ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সবার নজর কেড়েছিলেন অন্বয়। দেখা যাক এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে কী ফুল ফোটাতে পারেন!
আরও পড়ুন: ১০ বছর পর টেস্টে ফিরে ৩৩ বলে ০! রানহীন ম্যারাথনে লজ্জার ইতিহাসে অজি, ১৮ মাস আগেই অণ্ডকোষে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)