জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ম্য়াচের ওডিআই ও সমসংখ্য়ক টেস্ট খেলতে অস্ট্রেলিয়া এসেছে দক্ষিণ আফ্রিকায়। ঘরের মাঠে প্রোটিয়া ওডিআই সিরিজ ২-১ জিতে নিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটের পালা শেষ। ৯ অক্টোবর, শুক্রবার থেকে ডারবানে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্যাট কামিন্সরা প্রথমে ব্য়াট করছেন টেম্বা বাভুমাদের বিরুদ্ধে। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত ২৬ ওভার হয়েছে। অজিরা ৩ উইকেটে ৮৪ রান তুলেছে। ফিরে গিয়েছেন দুই ওপেনার নিক ম্যাডিনসন (০), ট্রাভিস হেড (৯) ও মার্নাস লাবুশানে (৩৭)। তবে এখন বাইশ গজের চর্চায় বাঁ-হাতি অজি ব্যাটার ম্যাডিনসন। মূলত অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের চোটের কারণে প্রথম টেস্টের সুযোগ পেয়েছেন তিনি। পেটের পেশির চোটের কারণে গ্রিন ডারবান টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এছাড়া সামগ্রিক ভাবে টেস্ট স্কোয়াডে ম্যাডিনসন ডাক পেয়েছেনন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিসের ব্যাক-আপ হিসেবে। আঙুল ভেঙে যাওয়ার জশ প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। জশের ব্যাক-আপ হিসেবে স্কোয়াডে ম্যাডিনসনের সঙ্গে উইকেটরক্ষক স্যাম হার্পারকেও নেওয়া হয়েছে। প্রায় এক দশক পর টেস্ট দলে ফিরে মুখ পুড়িয়েছেন ম্যাডিনসন! ওপেন করতে নেমে এদিন তিনি ৩৩ বল খেলে খাতাই খুলতে পারেননি। মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন। এহেন কাণ্ড ঘটিয়েই ৩৭ বছরের ক্রিকেটের একাধিক অপ্রত্য়াশিত রেকর্ড ভেঙেছেন।
রানহীন ম্যারাথনে ম্যাডিনসনের রেকর্ড
কোনও অস্ট্রেলীয় ওপেনারের দীর্ঘতম 'ডাক' (শূন্য রানে আউট): টেস্টের ইতিহাসে (যেখানে বল-বাই-বল তথ্য বা ডেটা পাওয়া যায়) কোনও অজি ওপেনিং ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে বেশি বল ফেস করার নজির ম্যাডিনসনের।
একবিংশ শতাব্দীর টেস্ট রেকর্ড: ২০০০ সাল বা নতুন শতাব্দীর শুরু থেকে এখনও পর্যন্ত কোনও টেস্ট ওপেনারের শূন্য রানে আউট হওয়া ইনিংসগুলির মধ্যে ম্যাডিনসনেরই দীর্ঘতম।
ইতিহাসে ওপেনার হিসেবে দীর্ঘতম ডাক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে দীর্ঘতম সময় ক্রিজে থেকে শূন্য রানে আউট হওয়ার তালিকায় ম্যাডিনসন এখন তিনে
টেস্ট সবচেয়ে বেশি বল ফেস করে শূন্য রানে আউট হওয়া ওপেনার যাঁরা
৩৯ - ড্যারিন মারে (নিউ জিল্যান্ড) বনাম শ্রীলঙ্কা, ডুনেডিন, ১৯৯৫
৩৬ - ট্রেভর গ্রিপার (জিম্বাবোয়ে) বনাম ওয়েস্ট ইন্ডিজ, কিংস্টন, ২০০০
৩৩ - নিক ম্যাডিনসন (অস্ট্রেলিয়া) বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান, ২০১৬
৩০ - মার্ক ডেকার (জিম্বাবোয়ে) বনাম শ্রীলঙ্কা, বুলাওয়েও, ১৯৯৪
২৯ - ব্রায়ান লাকহার্স্ট (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৭১
আরও পড়ুন: কোহলি আউট হলেই নানার খাওয়া বন্ধ! আবেগি পোস্ট বিরাটের, মন ভালো নেই সচিনেরও...
ডারবান টেস্টের আগে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাডিনসন সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে। তাঁকে দলে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল। বিশেষ করে এক বছরেরও বেশি সময় আগে সর্বশেষ প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছিলেন ম্যাডিনসন। তবে ম্যাডিনসনের ক্রিকেটে ফিরে আসার ঘটনা এক অসাধারণ কাহিনি। কারণ মাত্র ১৮ মাস আগেও তাঁকে অণ্ডকোষের ক্যানসারের জন্য কেমোথেরাপি নিতে হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)